বাগদাদ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালের মধ্যে ইরাকের দুই-তৃতীয়াংশ বন্দীকে মুক্তি দিতে চান ইরাকে মার্কিন বন্দীশালার কমান্ডার মেজর জেনারেল ডগলাস স্টোন। বিদ্রোহী তৎপরতা কমাতে অভিযান জোরদার করার জন্যই তিনি বন্দীদের মুক্তির পরিকল্পনা করছেন।
মার্কিন বাহিনীর হাতে বন্দী ২৫ হাজারেরও বেশি ইরাকির অধিকাংশ সুন্নি আরব। মার্কিন বাহিনী ও শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত অভিযোগে এদের আটক রাখা হয়েছে। সুন্নি আরব নেতারা জানিয়েছেন, বন্দীদের অনেকেই নির্দোষ এবং কোনো অভিযোগ ছাড়াই তাদের বন্দী রাখা হয়েছে।
চলতি বছর নিরাপত্তা অভিযান জোরদার করার পর থেকে মার্কিন ও ইরাকি কর্তৃপক্ষের হাতে বন্দীদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে বিষয়টি খুবই স্পর্শকাতর।
ইরাকে বন্দী বিষয়ক প্রধান মার্কিন মেজর জেনারেল ডগলাস স্টোন গত মঙ্গলবার জানান, ২০০৮ সালের মধ্যে বন্দীর সংখ্যা বড় আকারে কমানোর জন্য তিনি ইরাকে মার্কিন বাহিনী প্রধান জেনারেল ডেভিড পেত্রেয়াসকে প্রস্তাব দিয়েছেন।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় ক্যাম্প বুকায় ডগলাস রয়টার্সকে বলেন, "আমরা চাচ্ছি প্রকৃত অপরাধীদের বন্দী রাখতে। তাদের সংখ্য আট থেকে দশ হাজারের মত হবে। অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি।"
ক্যাম্প বুকা ইরাকে সবচেয়ে বড় মার্কিন বন্দীশালা।
সমালোচকের জানিয়েছেন, ইরাকি বন্দীদের মধ্যে অধিকাংশকে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। মার্কিন বাহিনী তাদেরকে নিরাপত্তার জন্য ঝুকিপূর্ণ মনে করছে বলেই আটকে রেখেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.
bdnews24