২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিমান হামলায় ১২ আফগান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার মার্কিন বিমান হামলায় ১২ জন সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার একজন প্রাদেশিক গভর্নর একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

জালালাবাদ, আফগানিস্তান, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার মার্কিন বিমান হামলায় ১২ জন সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার একজন প্রাদেশিক গভর্নর একথা জানিয়েছেন। নুরিস্তান প্রদেশের গভর্নর তামিম নুরিস্তানি রয়টার্সকে বলেন, "এখন পর্যন্ত আমরা জানি, মার্কিন বাহিনীর বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। তারা অত্যন্ত দরিদ্র এবং নিরীহ সড়ক নির্মাণ শ্রমিক।" তিনি বলেন, এলাকায় এক স্থানীয় তালেবান কমান্ডারের উপস্থিতির সন্দেহে মার্কিন সেনারা ওই হামলা চালায়। কিন্তু তারা ভুল লক্ষ্যে হামলা চালিয়েছে। ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্সেস' (ইসাফ) মঙ্গলবার ওই এলাকায় সংঘর্ষ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তারা বলেছে, সেখানে কোনো বিমান হামলা চালানো হয়নি। বুধবার ইসাফ মুখপাত্র মেজর চার্লস অ্যান্থনি বলেন, "গতকাল সেখানে সেনাবাহিনীর সঙ্গে এক দফা সংঘর্ষ হয়েছে। তবে কোনো বিমান হামলা হয়নি।" প্রসঙ্গত, আফগানিস্তানের পূর্বাঞ্চলে মোতায়েন ইসাফ সেনাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের। ওদিকে, আফগান সড়ক নির্মাণ কোম্পানির প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় তাদের ২৫ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া, পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি হাসপাতালে ১৯ জনের লাশ আনা হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক চিকিৎসক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৯ ঘ.