রাওয়ালপিন্ডি নভেম্বর, ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- অবশেষে বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়েছেন। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার উদ্দেশে তিনি এ পদক্ষেপ নিলেন। বৃহস্পতিবার বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। (আরও তথ্যসহ)
বুধবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে নতুন সেনাপ্রধান আশফাক কাইয়ানির কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
মুশাররফের সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার বিষয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। পদত্যাগের মধ্য দিয়ে মুশাররফ রাজনৈতিক প্রতিপক্ষ এবং পশ্চিমা মিত্রদের এই দাবি পূরণ করলেন।
পদত্যাগের পর মুশাররফ বলেন, "প্রক্রিয়া চলতেই থাকবে, লোকজন আসবে যাবে, প্রত্যেককেই যেতে হবে, সব ভালোরই শেষ আছে, সবকিছুই মরণশীল।"
পত্রপত্রিকাগুলোতে বলা হয়েছে, এতদিন সেনাপ্রধানের পদে থেকে মুশাররফ প্রতিটি সঙ্কটে সেনাদের যে প্রত্যক্ষ সাহায্য-সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছেন, এখন ওই পদে না থাকায় তিনি এদিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়লেন।
৩ নভেম্বর জরুরি অবস্থা জারি হওয়ায় এর মধ্যেই মুশাররফ ক্ষমতায় থাকছেন। তবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদেশগুলো মুশাররফকে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে এ মুহূর্তে ৮ জানুয়ারির নির্বাচন নিয়েই সবচে বেশি চাপ এবং উদ্বেগের মধ্যে আছেন মুশাররফ।
পাকিস্তানের সাধারন জনগণ মুশাররফের প্রেসিডেন্ট পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। লাহোরে এক হোটেলের ক্যাশিয়ার সিদ্দিক আকবর প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট দু'পদে থেকে মুশাররফ সব সিদ্ধান্তই নিজে নিজে নিতে পারতেন। কিন্তু বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে তিনি তা করতে পারবেন না।
স্টক মার্কেট ব্যবসায়ী আমজাদ বাটের কথায়, মুশাররফের এ পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল মুশাররফ তার ক্ষমতার প্রধান উৎস হিসাবে ব্যবহার করেছেন সেনাপ্রধানের পদকে।
এর আগে মুশাররফ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টাসে সেনা সহকর্মীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
পারভেজ মুশাররফ মুখপাত্র রশীদ কুরেশি সোমবার জানান, মুশাররফ বৃহস্পতিবার বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।
তিনি বলেন, "২৯ নভেম্বর মুশাররফ বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।"
মুশাররফের সেনাপ্রধানের পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্যান ম্যককরম্যাক সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়রির নির্বাচনে আগে মুশাররফকে অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।"
সেনাপ্রধানের পদ ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্র ও দেশে বিরোধীদের চাপের মুখে ছিলেন মুশাররফ। শেষ পর্যন্ত তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সর্বোচ্চ সামরিক পদটি ছেড়ে দেবেন।
৬ অক্টোবর তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। কিন্তু দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে দাড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা ছয়টি রিটের রায় না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত করে সুপ্রিমকোর্ট।
আদালতের বাধা দূর করতেই ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থার মধ্যেই তিনি প্রধানবিচারপতিসহ বিরোধী বিচারকদের সরিয়ে আদালতে অনুগত বিচারকদের নিয়োগ দেন।
এরপর অনুগত সুপ্রিম কোর্ট মুশাররফের প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা বিরোধীদের মামলাগুলো খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে মুশাররফের সেনাপ্রধানের পদ ছেড়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথ পরিষ্কার হয়।
জেনারেল মুশাররফ বৈরি বিচারালয় এবং ক্রমবর্ধমান জঙ্গিবাদের কথা তুলে ধরে ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন।
একইসঙ্গে তিনি সংবিধান স্থগিত, প্রধান বিচারপতিসহ অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগতদের বিচারক হিসাবে নিয়োগ দেন। কয়েক শ' আইনজীবী ও হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন তিনি।
এসব নানা কারণে পাকিস্তানে গত মার্চ মাস থেকেই মুশাররফের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় মুশাররফের রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রয়োজন পড়বে। এক্ষেত্রে তাকে ধর্মীয় দলগুলো কিংবা প্রতিপক্ষ দলের নেত্রী বেনজির বা নওয়াজ শরীফের শরনাপন্ন হতে হবে।
নওয়াজ গত রোববার দেশে ফিরেছেন। তিনি এবং বেনজির দুজনই নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে তারা নির্বাচন বয়কট করতে পারেন বলেও হুমকি দিয়ে রেখেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/জিএনএ১২১৩ ঘ.
bdnews24