হেবরন, পশ্চিম তীর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার গাজা ও পশ্চিমতীরসহ ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। এ সময় পশ্চিম তীরের হেবরনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় নিরাপত্তাবাহিনী। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র । যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে মঙ্গলবার শুরু হয়েছে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন।
স্বাস্থ্যকর্মীরা জানান, হেবরনে বিক্ষোভের সময় গুলিতে একজন নিহত হয়েছেন। ৩৫ বছর বয়স্ক ওই ব্যক্তির বুকে গুলি লেগেছে। এ সময় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসপন্থী নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তবে পুলিশের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন।
শান্তি সম্মেলনের প্রতিবাদে ফিলিস্তিনে মঙ্গলবার বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এ সময় তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া আনাপোলিস সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিশ্বাসঘাতক বলে গালি দেয়।
পশ্চিম তীরে বিক্ষোভের সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। রামাল্লায় সংঘর্ষে এক সাংবাদিক আহত হয়। এখানে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
হেবরনে বিক্ষোভ করে প্রায় ৩০ হাজার মানুষ। এছাড়া গাজায় বিক্ষোভে প্রায় এক লাখ ফিলিস্তিনি অংশ নেয় বলে সাংবাদিকরা জানিয়েছে। তবে হামাস দাবি করেছে এই সংখ্যা আড়াই লাখ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.
bdnews24