ভিয়েনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সার্ব ও কসোভো আলবেনীয়রা কসোভোর স্বাধীনতা প্রশ্নে কোনো সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে বলকান অঞ্চলের শান্তি। ইইউ দূত উলফগ্যাং ইশচিঞ্জার বুধবার একথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দু:খের বিষয় হচ্ছে, আলোচনায় দুপক্ষ কসোভোর মর্যাদা প্রশ্নে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। এতে করে বলকান অঞ্চলের শান্তি ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হয়েছে।" উলফগ্যাং এ পরিস্থিতি এড়াতে দুপক্ষকেই প্রতিশ্র"তি রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা নিয়ে দুপক্ষে আলোচনা চলছে সোমবার থেকে। কিন্তু আলোচনায় এ পর্যন্ত কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। এতে করে মার্কিন দূত ফ্র্যাঙ্ক উইসনারও বলকান অঞ্চলের শান্তি হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন। শান্তি ও আলোচনার পরিবেশ রক্ষার জন্য তিনিও দুপক্ষকে প্রতিশ্র"তি রক্ষার আহ্বান জানান।
উল্লেখ্য, কসোভেকে স্বাধীনতা বাদে স্বাধীন দেশের অন্য সব অধিকার দিতে রাজি সার্বিয়া। মঙ্গলবার তারা কসোভোকে এ প্রস্তাব গ্রহণের অনুরোধ জানায়।
অস্ট্রিয়ার বাদেনে কসোভো নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে এ প্রস্তাব দেন সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টেডিক। তবে এই প্রস্তাবকে সার্বিয়ার দেওয়া আগের স্বায়ত্ত্বশাসন প্রস্তাবের অনুরূপ আখ্যা দিয়ে কসোভোর আলবেনীয় নেতারা তা প্রত্যাখান করেন।
টেডিক জানান, কসোভোকে যে সমস্ত অধিকার সার্বিয়া দিতে চেয়েছে সেগুলো সাধারণত একটি স্বাধীন ও স্বার্বভৌম দেশই পেয়ে থাকে।
সার্বিয়ার পূর্ব প্রস্তাব অনুযায়ী, কসোভো আইএমএফ'র সদস্যও হতে পারবে। কসোভোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এটা খুবই জরুরি।
তবে টেডিক জানিয়েছেন, জাতিসংঘ, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা এবং ইউরোপীয় কাউন্সিলে প্রতিনিধিত্বের অধিকার থাকবে সার্বিয়ার। এছাড়া প্রদেশটির পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও সীমান্তের নিয়ন্ত্রণ থাকবে সার্বিয়ার ওপর।
কসোভো জানিয়েছে, তারা কোনো প্রস্তাবই মেনে নেবে না। তাদের দাবি পূর্ণ স্বাধীনতা। এতে তারা ছাড় দেবে না। তবে রাশিয়ার সমর্থনে সার্বিয়াও প্রদেশেটির ওপর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়।
কসোভোর আলবেনীয়রা জানিয়ে দেয়, আলোচনা শেষেই তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে। তাদের পেছনে পশ্চিমা মিত্রদের সমর্থন আছে। আলোচনার পর কসোভোর প্রধানমন্ত্রী হাসিম থাচি বলেন, " সার্বিয়ার সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয়। দু:খ প্রকাশ করে তিনি বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।"
কসোভোর আলবেনীয় প্রেসিডেন্ট ফাতমির সেজদিউ বলেন, তারা এখন কসোভোর স্বাধীনতা ঘোষণার পরিকল্পনা নিয়ে এগুবেন। তবে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টেডিক এখনও বলছেন, আপোসরফা সম্ভব। তিনি জাতিগত আলবেনীয়দেরকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার পথে এগুনোর ব্যাপারে সতর্ক করে দেন।
তিনি বলেন, " সার্বিয়া আপোসের সম্ভাবনা তিরোহিত হয়ে গেছে বলে মনে করে না। তবে সার্বিয়া নির্দ্বিধায় বলবে যে স্বাধীনতার ঘোষণা পরিহার করুন। কারণ এ পদক্ষেপের প্রভাব ছড়িয়ে পড়বে এ অঞ্চলের সীমানা ছাড়িয়ে এর বাইরেও।"
কূটনীতিকরা অবশ্য এর আগে বলেছেন, কসোভো আগামী জানুয়ারি অথবা ফেব্র"য়ারিতে স্বাধীনতা ঘোষণা করতে পারে।
এই প্রচেষ্টা রুখতে সার্বিয়া আলোচনা আরও দীর্ঘতর করতে চাইছে। প্রেসিডেন্ট টেডিক জানিয়েছেন, আলোচনার পথে গেলেই কসোভোর লাভ হবে।
তিনি বলেন, "এককভাবে সিদ্ধান্ত নেওয়া আর আলোচনার মাধ্যমে কিছু পাওয়ার মধ্যে কোনটিকে কসোভো বেছে নেবে এ পছন্দ তাদের। তবে একক সিদ্ধান্তে ঝুঁকি কী হতে পারে তা মনে হয় আমি পরিস্কার করতে পেরেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৮ঘ.
bdnews24