তেহরান, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। মঙ্গলবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোস্তফা মোহাম্মাদ নাজ্জারের বরাত দিয়ে বার্তাসংস্থা ফারস একথা জানিয়েছেন।
ইরানের শাহাব-৩ নামের একই পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্র রয়েছে এবং সেটি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে শাহাব-৩ এবং আশুরা নামের নতুন এ ক্ষেপণাস্ত্রটির মধ্যে কী পার্থক্য রয়েছে সে সম্পর্কে কিছু জানাননি ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাজ্জার।
বাসিজ ধর্মীয় মিলিশিয়াদের এক সমাবেশে তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা নতুন অস্ত্রগুলোর মধ্যে ২০০০ (১২৫০ মাইল) কিলোমিটার পাল্লার আশুরা ক্ষেপণাস্ত্রও রয়েছে।"
তিনি আরও বলেন, বুধবার নৌ-বাহিনীকে ইরানের নির্মিত একটি সাবমেরিনও সরবরাহ করা হবে।
অবশ্য, নতুন এ দুটি সামরিক প্রযুক্তি সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি ইরানি প্রতিরক্ষামন্ত্রী।
পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত থাকা ইরান বলে আসছে, তারা হামলার শিকার হলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন অবস্থানে হামলা চালাবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অন্যদিকে, বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24