২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা শুরুর এখনই সঠিক সময়: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইসরায়েল-ফিলিস্তিন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের শুরুতেই সতর্ক করে দিয়ে বলেছেন, "যে পথের সূচনা হয়েছে তা খুবই কঠিন। তবে শান্তি আলোচনা শুরুর জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার এখনই সঠিক সময়।" ক্ষমতায় থাকার শেষ ১৪ মাসে দীর্ঘপ্রতীক্ষিত লক্ষ্য অর্জনের চেষ্টায় বুশ এ সম্মেলনের আয়োজন করেছেন। কয়েক দশক ধরে যে লক্ষ্য পূরণের স্বপ্ন দেখে এসেছেন মার্কিন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

অ্যানাপোলিস, মেরিল্যান্ড, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইসরায়েল-ফিলিস্তিন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের শুরুতেই সতর্ক করে দিয়ে বলেছেন, "যে পথের সূচনা হয়েছে তা খুবই কঠিন। তবে শান্তি আলোচনা শুরুর জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার এখনই সঠিক সময়।" ক্ষমতায় থাকার শেষ ১৪ মাসে দীর্ঘপ্রতীক্ষিত লক্ষ্য অর্জনের চেষ্টায় বুশ এ সম্মেলনের আয়োজন করেছেন। কয়েক দশক ধরে যে লক্ষ্য পূরণের স্বপ্ন দেখে এসেছেন মার্কিন নেতারা। সম্মেলন শুরুর আগে অংশগ্রহণকারীদের সম্মানে দেওয়া এক নৈশভোজে প্রেসিডেন্ট বুশ বলেন, " আমরা এ সপ্তাহে এখানে জড়ো হয়েছি, কারণ, আমাদের সবারই অভিন্ন লক্ষ্য আছে। আর তা হল ইসরায়েল ও ফিলিস্তিন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শান্তি ও নিরাপত্তার মধ্যে পাশাপাশি থাকবে।" বুশ আরও বলেন, "অ্যানাপোলিসে যে কাজের সূচনা হচ্ছে তা দু:সাধ্য। এটি একটি প্রক্রিয়ার সূচনা মাত্র, শেষ নয়। সামনে আরও অনেক কাজ বাকি পড়ে আছে।" সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বুশ বলেন, "অ্যানাপোলিস সম্মেলনের উদ্দেশ্য আলোচনা শুরু করা। কোনো চুক্তিবদ্ধ হওয়া নয়।" তিনি বলেন, "এ সম্মেলন থেকে কঠিন কাজ শুরু হবে এবং আরও অনেক কাজই হাতে থাকবে। তবে এ অসাধ্য সাধনের চেষ্টা করার সঠিক সময় এখনই।" এ শান্তি সম্মেলনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগটি নিয়েছিলেন। কিন্তু তা সফল হয়নি। ওই ব্যর্থতাকে সফল করে কৃতিত্ব কুড়াতে চান বুশ। তাই ৭ বছরের শাসনামলে আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য কূটনীতি সফল করার আকাঙ্খা চরিতার্থ করতে এই সম্মেলন আয়োজন করেছেন বুশ। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া নেওয়া ছাড়াও এ সংক্রান্ত আলোচনা শুরু করা এ সম্মেলনের লক্ষ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের বিবাদমান দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং সংঘর্ষের কারণে কেউই এক্ষেত্রে খুব শিগগিরি কোনো সমাধান আশা করতে পারছে না। সৌদি আরব এবং সিরিয়াসহ ৪০ টিরও বেশি আরব দেশ অ্যানাপোলিস সম্মেলনে যোগ দিচ্ছে। এর মধ্য দিয়ে বুশ ইরাক যুদ্ধে হারানো ভাবমূর্তি কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মতো সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের নেতারা এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করার চেষ্টা নেবেন বলে মনে করা হচ্ছে। কারণ, ইরান বরাবরই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি প্রচেষ্টার বিরোধিতা করে আসছে। এদিকে, ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে পশ্চিমা বিশ্বে সমালোচিত সিরিয়াও এ সম্মেলনে অংশ নিচ্ছে। সিরিয়ার কূটনীতিক আহমেদ সালকিনি এ প্রসঙ্গে বলেছেন, " গোলান মালভূমি নিয়ে আলোচনা হবে এমন একটি বোঝাপড়ার ভিত্তিতে আমরা এখানে এসেছি।" ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। সিরিয়া বহুদিন ধরেই ওই ভূমি ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসলেও বিষয়টিকে গুরুত্ব দেয়নি ইসরায়েল কিংবা পশ্চিমারা। বুশের এ শান্তি সম্মেলনে গোলান মালভূমি নিয়েও একটি অধিবেশন অনুষ্ঠানের কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬৪০ঘ.