২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় প্রদর্শিত হলো দুর্লভ রোমান মানচিত্র

অষ্ট্রিয়ার জাতীয় গ্রন্থাগারে যেসব মূল্যবান সংগ্রহ রয়েছে, তার মধ্যে অন্যতম 'তাবুলা পিউটিনগেরিয়ানা' মানচিত্রটি। রোমান সাম্রাজ্যের পথঘাটের নির্দেশনা সম্বলিত মানচিত্রের একমাত্র প্রতিলিপি এটি। সাত মিটার লম্বা তাবুলা পিউটিনগেরিয়ানায় রয়েছে স্পেন থেকে ভারত পর্যন্ত রোমানদের প্রধান সড়কের ফিরিস্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অষ্ট্রিয়ার জাতীয় গ্রন্থাগারে যেসব মূল্যবান সংগ্রহ রয়েছে, তার মধ্যে অন্যতম 'তাবুলা পিউটিনগেরিয়ানা' মানচিত্রটি। রোমান সাম্রাজ্যের পথঘাটের নির্দেশনা সম্বলিত মানচিত্রের একমাত্র প্রতিলিপি এটি। সাত মিটার লম্বা তাবুলা পিউটিনগেরিয়ানায় রয়েছে স্পেন থেকে ভারত পর্যন্ত রোমানদের প্রধান সড়কের ফিরিস্তি। তবে দুর্লভ এই সংগ্রহটি সহসা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় না, কারণ এটা খুবই হালকা ধরনের, সূর্যের আলো এর ক্ষতি করতে পারে। তারপরও ভিয়েনায় ইউনেস্কোর সংগ্রহ শালাতে ২৬ নভেম্বর একদিনের জন্য প্রদর্শন করা হয়েছিল মানচিত্রটি । প্রথম দর্শনে, পিউটিনগেরিয়ানাকে কখনোই আধুনিক মানচিত্রের মতো মনে হবে না। এখানে স্থল ও জল উভয় পথের নির্দেশনাই রয়েছে। মানচিত্রটিতে ভূমধ্যসাগরকে পানির একটি পাতলা দাগ মনে হয়, যেন অনেকটা নদীর মতো দেখতে। ৩৪ সেন্টিমিটার বিস্তৃত এই মানচিত্রটি উত্তর থেকে দক্ষিণের পরিবর্তে বিন্যস্ত হয়েছে পশ্চিম থেকে পুবে। তাবুলা পিউটিনগেরিয়ানা বোঝার ক্ষেত্রে খুব সহজ না হলেও অষ্ট্রিয়ার জাতীয় গ্রন্থাগারের পান্ডুলিপি বিভাগের পরিচালক আন্দ্রে ফিনগারনাগেল বলছেন, "এটি খুবই শক্তিশালী ব্যবহারিক তথ্যপ্রমাণ। এছাড়া এটিকে মানচিত্র নয় বরং লন্ডন শহরের পাতাল পরিকল্পনার মতো মনে হয়।" তিনি বলেন, "মানচিত্রে লাল রং দিয়ে প্রধান সড়ক বোঝানো হয়েছে। লাল লাইনের পাশেই বিশ্রামাগারের উল্লেখ আছে। একদিনের ভ্রমণ শেষে বিশ্রাম করার মতো জায়গারও নির্দেশনা রয়েছে এতে। বাড়ির চিত্র দিয়ে ভ্রমণকারীদের অবস্থানের জন্য হোটেল বা সরাইখানা বোঝানো হয়েছে।" আন্দ্রে আরো বলেন, রোমান সাম্রাজ্যের আমলাদের ভ্রমণ এবং সরকারি কাজের সুবিধার জন্য এটি করা হয়েছিল। এরমধ্যে কিছু বাড়ি ছিল বড় আকৃতির এবং সেখানে থাকার পরিবেশ ছিল আভিজাত্যে ভরা। তাবুলা পিউটিনগেরিয়ানার কেন্দ্রে রয়েছে রোম। একদা সম্রাট শাসিত এই শহরে ছিল অনেক বড় বড় রাজপথ। অ্যাপিয়া এবং অরেলিয়ার ভিতর দিয়ে যাওয়া সেসব রাজপথের কিছু কিছু চিহ্ন এখনও আছে। পিউটিনগেরিয়ানা তৈরি হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষে অথবা ত্রয়োদশ শতাব্দীর শুরুতে দক্ষিণ জার্মানীতে অথবা অষ্ট্রিয়াতে। কিন্তু আন্দ্রে ফিনগারনাগেল জানাচ্ছেন, "এই মানচিত্রটি পঞ্চম শতাব্দীর। কেননা মধ্যযুগের অন্যান্য মানচিত্রের সঙ্গে এর অনেক পার্থক্য রয়েছে এবং এতে স্পষ্টভাবে অনেক আগের তথ্য প্রমাণের প্রতিরূপ রয়েছে।" তিনি দাবি করছেন, "দ্বাদশ অথবা ত্রয়োদশ শতাব্দীর মানচিত্রের কেন্দ্রস্থলে দেখানো হয়েছে জেরুযালেমকে, রোমকে নয়।" "মধ্যযুগের মানচিত্র প্রস্তুতকারকদের আগ্রহের ভিন্নতা ছিল। তারা রাস্তা এবং বিশ্রামাগারের উল্লেখ করতেন না। এর পরিবর্তে তারা দেখাতেন খ্রীস্ট ধর্মের উপাসনালয়কে।" এছাড়া এই মানচিত্রে আরো এমন একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যা সম্ভবত একে পঞ্চম শতাব্দীর মানচিত্র বলেই স্বীকৃতি দিচ্ছে। এখানে হানসদের দ্বারা ৪৫২ খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যাওয়া অ্যাকুইলিয়া নগরের উল্লেখ করা হয়েছে। মানচিত্রটির নামকরণ করা হয় তার আগের মালিক রেনেসাঁর জার্মান মানবতাবাদী কনারাড পিউটিনগার এর নামে। পরে এটি ভিয়েনার ইম্পেরিয়াল লাইব্রেরিতে রাখা হয়। এরপর অষ্ট্রিয়ার জাতীয় গ্রন্থাগারে। এই বছরই তাবুলা পিউটিনগেরিয়ানাকে ইউনেস্কো সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এমএ/১৫৪৭ঘ.