২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের শহরতলীতে দ্বিতীয় রাতেও দাঙ্গা, ৬০ পুলিশ আহত

- ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলী ভিলিয়া-লে-বেল এ সোমবার রাতে দ্বিতীয় দিনের মতো দাঙ্গা হয়েছে। পুলিশের একটি গাড়ির ধাক্কায় একটি মটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার এখানে প্রথম দাঙ্গা শুরু হয়। সোমবার রাতে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করলে কমপক্ষে ৬০ পুলিশ আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 07:05 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ভিলিয়া-লে-বেল, ফ্রান্স, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলী ভিলিয়া-লে-বেল এ সোমবার রাতে দ্বিতীয় দিনের মতো দাঙ্গা হয়েছে। পুলিশের একটি গাড়ির ধাক্কায় একটি মটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার এখানে প্রথম দাঙ্গা শুরু হয়। সোমবার রাতে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করলে কমপক্ষে ৬০ পুলিশ আহত হয়। পুলিশ এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভিলিয়া-লে-বেল এবং আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের দাঙ্গা চলাকালে এক পুলিশের কাঁধে গুলি লেগেছে। এদিন প্রায় ৩৬ টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব গাড়ির মধ্যে একটি আবর্জনার ট্রাক ও একটি পুলিশের গাড়িও রয়েছে। এছাড়া একটি পুলিশ স্টেশনসহ পাঁচটি ভবনেও আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে পুলিশ ও দাঙ্গাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশকে উদ্দেশ্য করে ব্যাপক ইট-পাটকেল, পেট্রোল বোমা ও পটকা-বাজি নিক্ষেপ করে দাঙ্গাকারীরা। এর জবাবে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও পেইন্ট গান প্রয়োগ করে। সমস্যা সৃষ্টিকারীদের সনাক্তকরণের লক্ষ্যে পুলিশ পেইন্ট গান ব্যবহার করে। আহত পুলিশ সদস্যদের স্থানীয় একটি ফায়ার স্টেশনে চিকিৎসা দেওয়া হয়। অবশ্য তিন পুলিশকে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছে। স্থানীয় মেয়র দিদিয়ার ভেইলাঁ জানিয়েছেন, পুলিশের ওপর এয়ারগান দিয়ে গুলি চালানো হয়েছে। রোববারের দাঙ্গার সময় নয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশ্য, সোমবার কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগে ২০০৫ সালে দুই তরুণের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। সর্বশেষ এ সহিংসতা ২০০৫ সালের প্যারিসের ভয়াবহ দাঙ্গাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এদিকে, রোববারের দুর্ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে, মটরসাইকেলটি ছিল চুরি করা এবং ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই তরুণ ট্রাফিক সিগন্যাল অমান্য করেছিল। তদন্তে ওই দুই তরুণের মৃত্যুর সঙ্গে দুই পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের আত্মীয়স্বজন এবং স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০০ ঘ.