বাগদাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেকটা উন্নত হলেও তারা এখনও এ বছর শেষ নাগাদ দেশের ১৮ টি প্রদেশের নিরাপত্তাভার নিতে পুরোপুরি সক্ষম বা দক্ষ হয়ে ওঠেনি। ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জেমস দুবিক একথা বলেছেন।
দুবিক বলেন, "ইরাকের নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে ২০০৮ সালের জুলাইয়ের মধ্যে ২০ হাজার সেনা সরানোর যুক্তরাষ্ট্রের পর্যায়ক্রমিক প্রক্রিয়া শুরু হয়ে গেলেও ইরাকের প্রদেশগুলোর নিরাপত্তাভার তড়িঘড়ি ইরাকি বাহিনীর হাতে হস্তান্তরের কোনো সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না।"
অথচ দুবিকের পূর্বসূরী লেফটেন্যান্ট জেনারেল মার্টিন ডেম্পসে গত জুলাইয়ে দায়িত্ব হস্তান্তরের আগে বলেছিলেন, "ইরাকি বাহিনী এ বছর শেষ নাগাদ ১৪ টি প্রদেশের নিরাপত্তাভার নিতে প্রস্তুত হয়ে যাবে।"
কিন্তু দুবিক বলছেন, "এটি সম্ভব হবে বলে তিনি মনে করছেন না।" বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকণ্ঠে রুস্তমিয়া সেনা প্রতিষ্ঠানে দুবিক রয়টার্স সংবাদ সংস্থাকে একথা বলেন।
রোববার দুবিক বলেন, "এ ব্যাপারে আমাদের আদৌ কোনো সময়সীমা নেই। এক একটি প্রদেশের পরিস্থিতিই বলে দেবে আমরা কখন নিরাপত্তাভার হস্তান্তর করতে পারব।"
উল্লেখ্য, বিদেশি বাহিনী এ পর্যন্ত ৮ টি প্রদেশের নিরাপত্তাভার ইরাকি বাহিনীর হাতে হস্তান্তর করেছে। গত মাসে হস্তান্তর হয়েছে কারবালার নিরাপত্তাভার। এরপর ডিসেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ ইরাকের তেল উৎপাদনকারী বসরা নগরীর নিরাপত্তাভার ইরাকিদের হাতে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরাকে অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের পর থেকে দেশটিতে সহিংসতা ৫৫ শতাংশ কমেছে। মার্কিন কমান্ডাররা এখন ধীরে ধীরে সেনা কমানোর পরিকল্পনা করছেন। আগামী মাসে মোট সেনা সংখ্যা থেকে আরও ৫ হাজার সেনা কমানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। দিয়ালা প্রদেশ থেকে এসব সেনা সরিয়ে নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০০ঘ.
bdnews24