২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে আঘাত হেনে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে তাইফুন মিতাগ

রোববার রাতে উত্তর ফিলিপাইনে আঘাত হেনে সোমবার সাগরের মধ্য দিয়ে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী তাইফুন মিতাগ। এর আগে তাইফুন মিতাগের কারণে সৃষ্ট ভারী বর্ষণে ফিলিপাইনে ৮ জনের প্রাণহানির পাশাপাশি অসংখ্য ঘর-বাড়ি ও ধানক্ষেত বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ম্যানিলা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রোববার রাতে উত্তর ফিলিপাইনে আঘাত হেনে সোমবার সাগরের মধ্য দিয়ে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী তাইফুন মিতাগ। এর আগে তাইফুন মিতাগের কারণে সৃষ্ট ভারী বর্ষণে ফিলিপাইনে ৮ জনের প্রাণহানির পাশাপাশি অসংখ্য ঘর-বাড়ি ও ধানক্ষেত বিধ্বস্ত হয়েছে। তবে ক্যাটাগরি ১ মাত্রার এ ঘূর্ণিঝড় ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া, সরাসরি মধ্য বিকোল এলাকায় আঘাত হানেনি এটি। পূর্বসতর্কতা হিসাবে সেখানকার প্রায় তিন লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছে, তাইফুন মিতাগের কারণে বিকোলে সাতজন পানিতে ডুবে ও একজন বিদ্যুৎসৃষ্পৃষ্ঠ হয়ে মারা গেছে এবং দুইজন নিখোঁজ রয়েছে। এছাড়া, মিতাগের কারণে সৃষ্ট বন্যায় উত্তর ও মধ্য ফিলিপাইনে প্রায় ২৩ লাখ ডলার সমমূল্যের কৃষিপণ্য নষ্ট হয়েছে। উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের ৩৯ বছর বয়সী বাসিন্দা রোনাল্ড আইউয়াং জানিয়েছেন, তাইফুনের ঝড়ো হাওয়া চলে গেছে এবং তার প্রতিবেশীরা তাদের ঘর-বাড়ি পরিষ্কার করা শুরু করে দিয়েছে। ওদিকে, তাইফুন মিতাগ ধেয়ে আসতে থাকায় সোমবার তাইওয়ানে বড় ধরনের জলোচ্ছাস, ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার তাইফুন মিতাগ তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম নগরী কাওসিয়াংয়ে আঘাত হানতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬২৩ ঘ.