২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততায় বুশ

মঙ্গলবার থেকে ওয়াশিংটন ও মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সোমবার তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মঙ্গলবার থেকে ওয়াশিংটন ও মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সোমবার তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে দেখা করেছেন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে বুশের উদ্যোগে অনুষ্ঠেয় তিনদিনের এ শান্তি সম্মেলনের সাফল্য নিয়ে এখন পর্যন্ত কার্যত তেমন কোনো আশার সঞ্চার হয়নি। এর অন্যমত কারণ, বুশ, আব্বাস ও ওলমার্ট এ তিন নেতারই দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন থাকা। ২০০৯ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বুশ তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন বিতর্কিত ইরাক যুদ্ধ নিয়ে। ওদিকে, দুর্নীতির অভিযোগে জনসমর্থন হারাচ্ছেন ওলমার্ট। আর হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় চাপের মধ্যে রয়েছেন আব্বাস। তাছাড়া, অ্যানাপোলিসের এ সম্মেলনে হামাসকে আমন্ত্রণও জানানো হয়নি। অবশ্য অ্যানাপোলিস সম্মেলনে সিরিয়া ও সৌদি আরবসহ অনেকগুলো আরব দেশ অংশ নিতে রাজি হওয়ায় আশার সঞ্চার হয়েছে এ তিন নেতার মধ্যে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দু'পক্ষই আশা করছে এই সম্মেলনের মাধ্যমে গত ৬০ বছরের সংঘাত অবসান ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলাপ-আলোচনা শুরু করা সম্ভব হবে। সাত বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে মধ্যপ্রাচ্য সম্মেলন ব্যর্থ হওয়ার পর এটাই স্বাধীন ফিলিস্তিন নিয়ে প্রথম আলোচনার চেষ্টা। রোববার ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাকে স্বাগত জানিয়ে দেওয়া এক ভাষণে বুশ বলেন, "ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং এই দুই জনগোষ্ঠীর মধ্যকার শান্তির জন্য আলাপ-আলোচনা শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনের আগ্রহের প্রতি আন্তর্জাতিক সমর্থনের ইঙ্গিত দেবে এ সম্মেলন।" সম্মেলন চলাকালে বুশ আব্বাস এবং ওলমার্টের সঙ্গে পৃথক পৃথক এবং তাদের সঙ্গে একত্রে ত্রিপাক্ষিক বৈঠক করবেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস ওয়াশিংটন পৌঁছানোর পর তার সহযোগী নাবিল আবু রুদেইনাহ রয়টার্সকে বলেন, "আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে অ্যানাপোলিসেই আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব হবে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিনি জনগণ।" ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও রোববার ওয়াশিংটন পৌঁছেছেন। বিমান থেকে নামার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন অ্যানাপোলিসে দু'দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর ভিত্তিতেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৮ ঘ.