বেইজিং, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এই প্রথম নিজস্ব উপগ্রহ থেকে চাঁদের ছবি পেল চীন। চাঁদে চীনের প্রথম উপগ্রহ "চাং'ই ওয়ান" সোমবার চীনের আর্থ স্টেশনে ওই ছবি পাঠায়। এ সাফল্য উদযাপনে বিজ্ঞানীদের সঙ্গে সেখানে যোগ দেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়বাও। চীনের লোককাহিনী থেকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী ওয়েন বলেন, এ সাফল্যের মধ্য দিয়ে চাঁদের দেশে যেতে চীনাদের হাজার বছরের স্বপ্ন পূরণের পথ সুগম হল।
অক্টোবরের ২৪ তারিখে সিচুয়ান প্রদেশ থেকে চাঁদ অভিযানে রওনা দেয়ে চাং'ই ওয়ান। চীনা লোককাহিনীর চন্দ্রদেবীর উপাখ্যান থেকে এ কৃত্রিম উপগ্রহটির নামকরণ করা হয়। ওই লোকগাঁথায় দেবী চাং'ইর আকাশে উড়ে চাঁদে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে।
আর্থ স্টেশন থেকে কৃত্রিম উপগ্রহ চাং'ই ওয়ান-কে নিয়ন্ত্রণ করা বিজ্ঞানীদের সঙ্গে যোগ দিয়ে চীনা প্রধানমন্ত্রী বলেন, এ চাঁদ অভিযানের মধ্য দিয়ে প্রাযুক্তিক উৎকর্ষে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সামনের কাতারে উঠে আসায় চীনের আগ্রহ ফুটে উঠেছে। বার্তা সংস্থা সিনহুয়া সোমবার একথা জানিয়েছে।
ওয়েন জিয়াবাও বলেন, "আমাদের দেশের প্রথম চাঁদ অভিযানে পূর্ণ সাফল্য চাঁদের দেশে যেতে চীনা জাতির এক হাজার বছরের স্বপ্ন পূরণের পথ সুগম হল।"
২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে মহাশূন্যে মানুষবাহী মহাকাশযান পাঠাতে সক্ষম হয় চীন। এরপর ২০০৫ সালের অক্টোবরে পাঁচদিনের সফরে দুইজন নভোচারীসহ 'শেনঝাও সিক্স' রকেট উৎক্ষেপণ করে চীন।
২০০৮ সালের অক্টোবরে নিজেদের তৃতীয় মানুষবাহী রকেট 'শেনঝাও সেভেন' মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে চীন। ওই অভিযানে একটি স্পেস ওয়াকেরও চিন্তা করছেন চীন মহাকাশ বিজ্ঞানীরা।
চীনা উপগ্রহের তোলা চাঁদের ছবি সিনহুয়ার ওয়েব সাইট 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট সিনহুয়ানেট ডট কম' এ পাওয়া যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৪০১ ঘ.
bdnews24