ওয়াশিংটন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের দু'দিন আগে আলোচনার জন্য রোববার ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের আনাপোলিসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনেকগুলো আরব দেশের মন্ত্রীদের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বস আনাপোলিস আনাপোলিস সম্মেলনে যোগ দেবেন। ইসরায়েল-ফিলিস্তিন দু'পক্ষই আশা করছে এই সম্মেলনের মাধ্যমে গত ৬০ বছরের সংঘাত অবসান ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা শুরু করা সম্ভব হবে।
সাত বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্যম্প ডেভিড সম্মেলন ব্যর্থ হওয়ার পর এটাই প্রথম আলোচনার চেষ্টা।
ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস ওয়াশিংটন পৌঁছানোর পর তার সহযোগী নাবিল আবু রুদেইনাহ রয়টার্সকে বলেন, "আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আনাপোলিসেই আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব হবে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিন জনগণ।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও রোববার ওয়াশিংটন পৌঁছেছেন। বিমান থেকে নামার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন আনাপোলিসে দু'দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর ভিত্তিতেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ঘ.
bdnews24