বাগদাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে মোট সেনা সংখ্যা আগামী মাসে আরও পাঁচ হাজার কমাবে যুক্তরাষ্ট্র। সহিংসতা বিক্ষুব্ধ দিয়ালা প্রদেশ থেকে একটি কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করে নেওয়া শেষ হলে সেনা সংখ্যা কমবে। এখন ইরাকে মোট মার্কিন সেনার সংখ্যা প্রায় ১,৬২,০০০ জন। শনিবার মার্কিন সেনা কর্মকর্তারা একথা জানান।
কর্মকর্তারা জানান, দিয়ালা প্রদেশ থেকে সেনাবাহিনীর 'ফার্স্ট ক্যাভালরি ডিভিশনের থার্ড ব্রিগেড' এর সেনাদের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ইরাক থেকে কোনো ব্রিগেড প্রত্যাহার করে নেওয়ার পর তার স্থলে নতুন ব্রিগেড মোতায়েন করা হচ্ছে না এমন ঘটনা এটাই প্রথম।
তবে দিয়ালা প্রদেশে এ কমব্যাট ব্রিগেডের স্থলে নতুন কোনো ব্রিগেড আনা না হলেও ইরাকের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইউনিটের সেনাদের এনে সেখানে মোতায়েন করা হবে।
মার্কিন সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গ্রেগরি স্মিথ বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, "নতুন ব্রিগেড না এনেই দিয়ালায় পুনরায় সেনা মোতায়েন করতে পারা থেকে ইরাকের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বোঝা যায়।"
থার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল ডেভিড সাথারল্যান্ড ওই সংবাদ সম্মেলনে বলেন, ১৫ মাস আগে তিনি যখন দিয়ালার দায়িত্ব নিয়েছিলেন তখন তা 'অন্য প্রদেশ' ছিল। তিনি বলেন, "দিয়ালাতে এখন আশার আলো আছে।"
নিকট অতীতে দিয়ালায় ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরে কর্নেল সাথারল্যান্ড বলেন, আল কায়েদা জঙ্গি, ইরানিদের মদদপুষ্ট জঙ্গি তৎপরতা এবং সাদ্দামের বাথ পার্টির অনুসারী সর্বশেষ কর্মীদের প্রাত্যহিক সহিংসতায় দোজখে পরিণত হয়েছিল দিয়ালা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24