২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় আবার দাবানল

একমাসের কিছু বেশি সময়ের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে দাবানল। সান্তা আনা শুষ্ক মরু বাতাসের প্রভাবে এবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মালিবু'র সমুদ্র উপকুলীয় উপত্যকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এ দাবানল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

মালিবু, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একমাসের কিছু বেশি সময়ের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে দাবানল। সান্তা আনা শুষ্ক মরু বাতাসের প্রভাবে এবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মালিবু'র সমুদ্র উপকুলীয় উপত্যকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এ দাবানল। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে এবং প্রায় ১০,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্ব প্রস্তুতি থাকায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা আংশিকভাবে সফল হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। লস এঞ্জেলসের রাজ্য অগ্নি নির্বাপক কর্মকর্তা রন হেরালসন বলেছেন, " আমরা কিছুটা সাফল্য পেয়েছি।" তিনি বলেন, "দাবানলের প্রায় ২৫ ভাগই নিয়ন্ত্রণে আনা গেছে। বাতাসের খুব জোর না থাকায় আগুন নেভানো সহজ হয়েছে।" হেরালসন জানান, মধ্য মালিবু ক্যানিয়নে র‌্যাঞ্চ স্টাইলের কয়েকটি বিলাসবহুল বাড়ি দাবানলে পুড়ে গেছে এভং আরও প্রায় ২০০ বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে দাবানলটি আংশিক নিয়ন্ত্রণে আসায় অনেকগুলো বাড়ির ঝুঁিক কমে গিয়েছে বলেও জানান তিনি। সমুদ্র উপকুলীয় এ উপত্যকায় বহু বিখ্যাত হলিউড তারকারসহ অনেক খ্যাতনামা ব্যক্তির অবকাশ কেন্দ্র ও ঘরবাড়ি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এ সপ্তাহে দাবানলের আশঙ্কা জোরদার থাকায় কয়েকশ দমকল কর্মী এবং পানিবাহী বিমানসহ অন্যন্য সরঞ্জামাদি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল মালিবুতে। আবহাওয়াবিদরা জানান, শনিবার মালিবুতে সান্তা আনা বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় ৯৬ কিলোমিটার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩১ ঘ.