ইসলামাবাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় তালেবানপন্থী জঙ্গিদের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে সেনাবাহিনী কমপক্ষে ৩০ জঙ্গি হত্যার দাবি করেছে। তবে অভিযানে হেলিকপ্টার গানশিপ এবং কামানও ব্যবহৃত হয়েছে। রোববার সেনাবাহিনী একথা জানিয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের এ উপত্যকায় গত অক্টোবর মাস থেকে সেনাবাহিনী ও মওলানা ফজলুল্লাহর অনুগত জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে তিনশ'র বেশি লোক নিহত হয়েছে।
তালেবানপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সেনবাহিনীর এ সর্বশেষ অভিযান চলে শনিবার রাতে। পুলিশ উপত্যকাটির জঙ্গি ঘাঁটিগুলোর আশপাশের কয়েকটি মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "প্রথমবারের মতো আমরা কোনো অভিযানে স্থল সেনা ব্যবহার করেছি। অভিযানটি চলছে এবং এ পর্যন্ত ৩০ জন জঙ্গি নিহত হয়েছে।"
তিনি বলেন, সংঘর্ষে এক সেনা নিহত এবং অপর দুই সেনা আহত হয়েছে।
প্রসঙ্গত, সোয়াত উপত্যকায় কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে গত অক্টোবর মাসে মওলানা ফজলুল্লাহ জিহাদের ডাক দেওয়ার পরিপেক্ষিতে সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24