২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে তাইফুনপূর্ব ঝড়বৃষ্টিতে ৬ জন নিহত

ফিলিপাইনে ধেয়ে আসা শক্তিশালী তাইফুন মিতাগের কারণে সৃষ্ট ভারী বর্ষণে রোববার কমপক্ষে ছয়জন মারা গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি এবং ধানক্ষেত। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 08:27 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ম্যানিলা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনে ধেয়ে আসা শক্তিশালী তাইফুন মিতাগের কারণে সৃষ্ট ভারী বর্ষণে রোববার কমপক্ষে ছয়জন মারা গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি এবং ধানক্ষেত। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ম্যানিলায় প্রতিরক্ষা সচিব গিলবার্তো তিয়োদোরো সাংবাদিকদের বলেন, তাইফুন মিতাগের কারণে সৃষ্ট বর্ষণে মধ্য ফিলিপাইনের বিকোল এলাকায় ছয়জন মারা গেছে। এদের দুইজন মারা যায় বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হয়ে। তিনি জানান, প্রায় এক হাজার একর ধানক্ষেত ও অসংখ্য রাস্তা-ঘাট তলিয়ে গেছে এবং ধ্বংস হয়েছে শ'শ' ঘর-বাড়ি। তাইফুনটির প্রভাবে মধ্য ফিলিপাইন এলাকায় গত তিন দিন ধরেই ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। এদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং এটি আস্তে আস্তে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি রোববার রাতে উত্তরাঞ্চলীয় অরোরা এবং ইসাবেলা প্রদেশে আঘাত হানতে পারে। এমন অবস্থায় পূর্বসতর্কতা হিসাবে অরোরা এবং ইসাবেলার উপকূলীয় এলাকার হাজার হাজার লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে তাইফুনটির গতিপথ বিকোল এলাকার দিকে থাকায় সেখান থেকে প্রায় তিন লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছিল। অবশ্য, শনিবার তাইফুনটি গতিপথ পরিবর্তন করায় বিকোলের বাসিন্দাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪২৭ ঘ.