২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী বুথফেরত সমীক্ষায় হাওয়ার্ড পিছিয়ে

অস্ট্রেলিয়ায় শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল পার্টি। সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে কেভিন রুডের নেতৃত্বাধীন বিরোধী লেবার পার্টি। নির্বাচনের প্রথম বুথফেরত সমীক্ষা সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 09:02 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

সিডনি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল পার্টি। সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে কেভিন রুডের নেতৃত্বাধীন বিরোধী লেবার পার্টি। নির্বাচনের প্রথম বুথফেরত সমীক্ষা সূত্রে একথা জানা গেছে। স্কাই টেলিভিশনের ওই সমীক্ষায় দেখা গেছে, ভোটাররা ক্ষমতাসীন রক্ষণশীল সরকারের ১১ বছরের শাসনের অবসানের পক্ষেই বেশি রায় দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হাওয়ার্ড তার নিজের আসনটিও হারাতে চলেছেন। আর এমনটি হলে তা হবে ৭৮ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর নিজের আসনে পরাজয়ের প্রথম ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ মিত্র হাওয়ার্ড তার নির্বাচনী প্রতিশ্র"তিতে ইরাকে অস্ট্রেলিয়ার সেনা রাখা ও কর হ্রাসের অঙ্গীকার করলেও নতুন কোনো নীতির ঘোষণা দেননি। অন্যদিকে, কেভিন রুড তার নির্বাচনী প্রতিশ্র"তিতে ইরাক থেকে সেনা প্রত্যাহার ও কিয়োটো প্রটোকলে স্বাক্ষরের পাশাপাশি চীন এবং এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ সময় ০৭০০ ঘণ্টা) পর্যন্ত ভোট গ্রহণ চলে। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে স্কাই টেলিভিশন ওই বুথফেরত সমীক্ষা চালায় ৩১টি আসনের ওপর। এ আসনগুলোতে হাওয়ার্ডের লিবারেল পার্টির বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও সমীক্ষায় দেখা গেছে এর ৩০টিতে বিজয়ী হতে চলেছে কেভিন রুডের লেবার পার্টি। প্রসঙ্গত, চূড়ান্ত ফলাফলে লেবার পার্টি এ আসনগুলোয় বিজয়ী হলে রুডের জন্য তা সরকার গঠনের প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি হবে। স্কাই টেলিভিশনের এ সমীক্ষায় অংশ নেয় ২,৭৮৭ জন ভোটার। এদের ৫৩ শতাংশ ভোট দিয়েছেন লেবার পার্টিকে। অন্যদিকে, ক্ষমতাসীন লিবারেল পার্টিকে ভোট দিয়েছেন ৪৭ শতাংশ ভোটার। সমীক্ষক জন আর্মিটেজ বলেন, "এই নির্বাচনে খুব সম্ভবত লেবার দল জয়লাভ করতে যাচ্ছে।" উল্লেখ্য, এ বছরে পরিচালিত অধিকাংশ নির্বাচনী সমীক্ষায় পিছিয়ে ছিল ৬৮ বছর বয়সী হাওয়ার্ডের নেতৃত্বাধীন লিবারেল পার্টি। কিছু সমীক্ষায় বিরোধী লেবার দল অল্প ব্যবধানে বিজয়ী হবে এমন আভাসও ছিল। যদিও, নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে পরিচালিত জরিপগুলোতে হাওয়ার্ড ও কেভিনের দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএ/১৪৫৫ ঘ.