তেহরান, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্প নিয়ে সম্ভাব্য পশ্চিমা আক্রমণের মুখে নিজেকে রক্ষায় প্রস্তুত আছে ইরান। দেশটির রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার শুক্রবার একথা জানিয়েছেন।
পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে আছে ইরান। পশ্চিমাদের অভিযোগ ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে।
তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি ওয়াশিংটন নাকচ করছে না।
রাষ্ট্রীয় রেডিওকে রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ আলী জাফরি বলেন, "আমাদের শত্র"কে জানতে হবে.. মহান নেতা যদি শত্র"দের ষড়যন্ত্র পণ্ড করার নির্দেশ দেন তাহলে যে কোনো পন্থায় জাতি তা করতে প্রস্তুত।"
আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। পরমাণুসহ রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে তার কথাই শেষ কথা।
রেভ্যুলুশনারি গার্ডের কমান্ড ইরানের সামরিক বহিনী থেকে ভিন্ন। তারা সরাসরি খামেনির কাছে জবাবদিহি করে।
মোহাম্মদ আলী জাফরি এর আগে বলেছিলেন, তার বাহিনী চাইলে উপসাগরীয় পথে তেল বাণিজ্য বন্ধ করে দিতে পারে। তবে তিনি মনে করেন, মার্কিন বাহিনী ইরাক ও আফগানিস্তানে এতটাই কোনঠাসা হয়ে আছে যে তারা নতুন কোনো যুদ্ধে জড়াতে চাইবে না।
যুক্তরাষ্ট্র কিছুদিন আগে রেভ্যুলুশনারি গার্ডসহ ইরানের কয়েকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদও দুই দফায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র চাইছে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে সেটা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.
bdnews24