২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নমনীয় মুশাররফ, শিগগিরিই দেশে ফিরছেন নওয়াজ

কমনওয়েলথের চাপ এবং বিরূপ সমালোচনার মুখে নমনীয় অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট মুশাররফ। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফিরতে দিতে রাজি হয়েছেন তিনি। ফলে কয়েকদিনের মধ্যেই সৌদি আরব থেকে দেশে ফিরছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ। তার এক সহযোগী শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ইসলামাবাদ, শুক্রবার নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- কমনওয়েলথের চাপ এবং বিরূপ সমালোচনার মুখে নমনীয় অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট মুশাররফ। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফিরতে দিতে রাজি হয়েছেন তিনি। ফলে কয়েকদিনের মধ্যেই সৌদি আরব থেকে দেশে ফিরছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ। তার এক সহযোগী শুক্রবার একথা বলেছেন। জরুরি অবস্থা তুলে নিতে ব্যর্থতার কারণে কমনওয়েলথ বৃহস্পতিবার পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে। এ পদক্ষেপ মুশাররফের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ারই ইঙ্গিত। এর আগে জরুরি অবস্থা জারি নিয়ে দেশে- বিদেশে বিরূপ সমালোচনার মুখে মুশাররফ সৌদি আরব সফরকালেই বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে নওয়াজকে দেশে ফিরতে দিতে রাজি হন। পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের এক নেতা একথা জানিয়েছেন। শুক্রবার সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে নওয়াজের দেখা করার কথা রয়েছে। নওয়াজের সঙ্গে চুক্তি করতে পারেন এমন জল্পনার মাঝে মুশাররফের সৌদিআরব যাত্রা শেষে দেশে ফেরার কয়েকদিন পরই নওয়াজ আবদুল্লাহর সঙ্গে দেখা করছেন। বাদশাহের সঙ্গে এই সাক্ষাতের পরপরই নওয়াজ তার দেশে ফেরার সময় ঘোষণা করবেন। নওয়াজ লীগের চেয়াম্যান রাজা জাফরুল হক বলেছেন, "আল্লাহর ইচ্ছায় তিনি কদিনের মধ্যেই দেশে ফিরবেন।" রয়টার্স একথা জানিয়েছে। নওয়াজ ২৬ নভেম্বরের আগেই দেশে ফিরবেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। নওয়াজের দলের মুখপাত্র আহসান ইকবাল বলেছেন, তিনি ৪/৫ দিনের মধ্যেই নওয়াজ দেশে ফিরবেন বলে আশা করছেন তিনি। মুশাররফ ২০০২ সালে পাকিস্তানে প্রধানমন্ত্রীত্ব ২ বছর মেয়াদে সীমিত করে দিয়েছেন। ফলে নওয়াজ এবং বেনজিরের আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া নিষিদ্ধ। তাজ টেলিভিশন নিউজ চ্যানেল পাকিস্তান মুসলিম লীগের বর্তমান নেতা চৌধুরী সুজাত হুসেইন এর উদ্ধৃতি দিয়ে বলেছে, "নওয়াজের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তি করা হয়েছে। তবে তার দল এ ব্যাপারে ওয়াকিবহাল নয়।" এ সপ্তাহে সৌদি আরব সফরকালে মুশাররফের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন নওয়াজ । তবে তিনি 'ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট' এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম তাজের সঙ্গে দেখা করেছেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৮ঘ.