কাম্পালা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নির্দিষ্ট সময়সীমার মধ্যে জরুরি অবস্থা তুলে নিতে এবং সেনাপ্রধানের পদ ছাড়তে ব্যর্থ হওয়ায় ৫৩-জাতি জোট কমনওয়েলথ বৃহস্পতিবার পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে। মুশাররফ ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারির পর কমনওয়েলথ তা তুলে নেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। ওই সময়সীমা পেরোনোর পরই কমনওয়েলথ সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়। এর আগে ১৯৯৯ সালে মুশাররফ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর কমনওয়েলথ প্রথম পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে।
মুশাররফ কমনওয়েলথের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জরুরি অবস্থা তুলে না নিলেও তিনি তা শিথিল করার প্রয়াস নিয়েছেন। এ সপ্তাহে তিনি জরুরি অবস্থা জারির পর আটক হাজার হাজার বন্দিকে মুক্তি দিয়েছেন। ৮ জানুয়ারিতে নির্বাচন দেওয়ার প্রতিশ্র"তিও দিয়েছেন তিনি। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যেই মুশাররাফ বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।
কিন্তু কমনওয়েলথের 'মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্র"প' (সিএমএজি) এই জোটে পাকিস্তানের সদস্যপদ পর্যালোচনা করে বলেছে, " পাকিস্তান পরিস্থিতি এখনও কমনওয়েলথের মৌলিক রাজনৈতিক মূল্যবোধের অনুকূল নয়। বরং এই মূল্যবোধ মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।"
সিএমএজি'র এক বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত না হওয়ায় এবং আইনের শাসন ফিরে না আসায় সিএমএজি পাকিস্তানকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করছে।"
পাকিস্তান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে সিএমএজি বলেছে, পাকিস্তানে কিছু কিছু ব্যাপারে অগ্রগতি হলেও ১২ নভেম্বরের বৈঠকে উত্থাপিত কমনওয়েলথের বেশিরভাগ দাবিই পূরণ হয়নি।
কমনওয়েলথে পাকিস্তানের সদস্যপদ স্থগিত হওয়ার তাৎক্ষণিক কোনো পরিণতি সাদা চোখে দেখা না গেলেও বিশ্লেষকরা বলছেন, এতে করে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং দেশটিতে বিদেশি বিনিয়োগ ব্যাহত হতে পারে।
কমনওয়েলথ এর কয়েকটি সূত্র জানিয়েছে, সিএমএজি'র এশীয় সদস্য শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া এখনই পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি ছিল না। তবে তাঞ্জানিয়া এবং কানাডা পাকিস্তানের সদস্যপদ স্থগিত করার ব্যাপারে সোচ্চার ছিল।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, "সব দেশই কমনওয়েলথের সিদ্ধান্তের পক্ষে রয়েছে। তবে এই সিদ্ধান্তটি রাগ থেকে নয় বরং দু:খ থেকেই নেওয়া হয়েছে। নিজ স্বার্থে পরিস্থিতির পরিবর্তন ঘটানোর সুযোগ এখন পাকিস্তানের হাতেই।"
সিএমএজি'র সিদ্ধান্তের প্রাক্কালে কাম্পালায় উপস্থিত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সাংবাদিকদের বলেন, "কমনওয়েলথ মন্ত্রীরা পাকিস্তানের সদস্যপদ স্থগিত করার অকপট এবং প্রয়োজনীয় সিদ্ধন্তই নিয়েছেন।"
সিএমএজির অন্যান্য সদস্য দেশগুলো হচ্ছে পাপুয়া নিউগিনি, মাল্টা, লেসোথো, মালয়েশিয়া এবং সেন্ট লুসিয়া। তবে সেন্ট লুসিয়া ২২ নভেম্বরের বৈঠকে উপস্থিত ছিল না।
ব্রিটেনের এক সূত্র অবশ্য আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে নির্বাচন সন্তোষজনক হলে পাকিস্তানকে আবারও কমনওয়েলথে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে কমনওয়েলথে প্রথম পাকিস্তানের সদস্যপদ স্থগিত হওয়ার পর ২০০৪ সালে গণতান্ত্রিক অগ্রগতির প্রেক্ষাপটে আবার দেশটিকে কমনওয়েলথে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএ/১২১২ঘ.
bdnews24