সিঙ্গাপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের ওপর পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানালো দুই প্রতিবেশী দেশ লাওস ও কম্বোডিয়া। একইসঙ্গে আসিয়ান জোটকে সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছে দেশদুটি। সিঙ্গাপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রোববার দু'দেশের প্রধানমন্ত্রীরা তাদের এ অবস্থানের কথা জানান।
লাওসের প্রধানমন্ত্রী বোওয়াসোন বোওফাভান রয়টার্সকে বলেন, "মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অবরোধের নিন্দা জানাই আমরা।"
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেন। আসিয়ান বিজনেস ফোরামের বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাজের কিছু নয়। এর ফলে মিয়ানমার জান্তা অনাহারে মরবে না, কিন্তু বেসামরিক নাগরিকরা চরম দুর্যোগের মধ্যে পড়বেন। এতে আসলে হিতে বিপরীত হবে।"
মিয়ানমার আসিয়ান জোটের সদস্য হওয়ায় এবার সিঙ্গাপুরের আসিয়ান শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসে। পশ্চিমা দেশগুলো এ লক্ষ্যে আসিয়ানকে চাপ দিয়ে আসছে এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী প্রবাসী সংগঠনগুলো এ সম্মেলনে জান্তা সরকারের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
লাওসের প্রধানমন্ত্রী বলেন, "আসিয়ানের উচিৎ এর মৌল নীতিমালা অনুসারে পরষ্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা।" আসিয়ানের কাঠামো লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
তার দেশে এরকম কোনো গণতন্ত্রপন্থী বিক্ষোভ হলে তিনি নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালানোর নির্দেশ দেবেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর 'না' দিয়ে প্রধানমন্ত্রী বোওয়াসোন বোওফাভান বলেন, "আমাদের জন্য সবচেয়ে ভাল পন্থা হল এরকম কিছু ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হতে না দেওয়া।"
মাত্র ৬৫ লক্ষ জনগোষ্ঠীর সমাজতন্ত্রী রাষ্ট্র লাওসের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। গত মাসে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থিন সিন প্রথম যে দেশটি সফর করেন সেটি লাওস।
মিয়ানমার ১৯৯৭ সালে আসিয়ান জোটের সদস্য হিসেবে যোগ দেয়। প্রতিবেশী লাওস ১৯৯৭ সালে এবং কম্বোডিয়া ১৯৯৯ সালে আসিয়ান জোটভুক্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫০ ঘ.
bdnews24