রিয়াদ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করলে তেলের দাম দ্বিগুণ হয়ে ব্যারেলপ্রতি ২০০ ডলার হয়ে যাবে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ প্রসঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওপেক শীর্ষ সম্মেলনে একথা বলেছেন।
শ্যাভেজ বলেছেন, " যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করার মতো কিংবা ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর মতো বোকা হয় তাহলে তেলের দাম আর ১০০ ডলারে থাকবে না বরং তা দ্বিগুণ হয়ে ব্যারেলপ্রতি ২০০ ডলার হয়ে যাবে।"
শ্যাভেজ আরও বলেছেন ব্যারেলপ্রতি ১০০ ডলার তেলের ন্যায্য মূল্য।
চলতি মাসে তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁয়ে যাওয়ায় ভোক্তা দেশগুলো তেল রপ্তানীকারকদের অশোধিত তেলের যোগান বাড়িয়ে তেলের বাজার স্থিতিশীল করার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু গত সপ্তাহেই সৌদি তেলমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছিলেন রিয়াদের ওপেক শীর্ষ সম্মেলনে তেলের যোগান বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই।
এদিকে সম্মেলনের শুরুতেই ইরান ও ভেনেজুয়েলা এক প্রস্তাবে তেলের দাম বাড়ার জন্য ডলারের দূর্বলতাকে দায়ী করে আনুষ্ঠানিক বিবৃতি দিতে চাইলেও সৌদি বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়।
তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা ওপেককে বিশ্বের দারিদ্র বিমোচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠার করার কথা বলেন শ্যাভেজ।
তিনি বলেন, "বিশ্ব দারিদ্র মোকাবেলায় অগ্রসৈনিকের দায়িত্ব নেওয়া উচিত ওপেকের।"
ভেনেজেুয়েলার প্রেসিডেন্ট বলেন, " ওপেকের উচিত আরও সক্রিয় ভূ-রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করা এবং নিজেদের দেশগুলোর জন্য সম্মানের আসন নিশ্চিত করা। একইসঙ্গে বিশ্ব শক্তিগুলোর ওপেককে ধমকানো বন্ধেরও ব্যবস্থা নেওয়া উচিত আমাদের।"
মধ্যপ্রাচ্যের বাইরে তেলের বাজারের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম তেলের যোগানদার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৫৫ ঘ.
bdnews24