নয়াদিল্লি, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিচ্ছে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। পরমাণু ইস্যুতে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সঙ্গে সরকারের বৈঠকে বিরোধী বামপন্থী জোটের সমর্থনের পর নতুন উদ্যোমে প্রক্রিয়াটি এগিয়ে নিতে চাচ্ছে কংগ্রেস। বামপন্থীদের ওই সম্মতির পরদিনই শনিবার নয়াদিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্মেলনে দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্মী সমর্থকদের কাছে চুক্তির বিষয়ে তাদের অবস্থান তুলে ধরে বলেছেন, এ চুক্তিটি ভারতের উন্নয়নে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
কংগ্রেসের সম্মেলনে সোনিয়া গান্ধী বলেছেন, " এ চুক্তি আমাদের জ্বালানি এবং নতুন প্রযুক্তি অর্জনের সুযোগ করে দেবে।"
সোনিয়া বলেন, "এ চুক্তির ফলে বহু বন্ধুপ্রতিম দেশ আমাদের কৃষি ও শিল্প খাত এবং নগর ও গ্রামগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি শক্তি উৎপাদনে আমাদের সহায়তা করতে পারবে।"
এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকেই প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করবে কংগ্রেস সরকার। এ লক্ষ্যে আগামী সপ্তাহের শুরুতেই জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সঙ্গে বৈঠকে বসছেন মনমোহন সরকারের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পরমাণু চুক্তিকে ভারতের পরমাণু সার্বভৌমত্বের সঙ্গে আপোষ এবং স্বাধীন বিদেশ নীতির অন্তরায় বলে উল্লেখ করে আসলেও কংগ্রেস সরকারকে গুরুত্বপূর্ণ সমর্থন দেওয়া ভারতের প্রধান বামপন্থী জোট শুক্রবার তাদের অবস্থান কিছুটা নমনীয় করে আইএইএ'র সঙ্গে সরকারের বৈঠকে সমর্থন দেয়।
বামপন্থীদের সমালোচনার প্রসঙ্গে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার বলেছেন," এসব প্রপাগান্ডা চালিয়ে যারা বলতে চাচ্ছেন এ চুক্তির ফলে আমাদের বিবেচনা বোধ লোপ পাবে এবং আমাদের বিদেশ নীতির স্বাধীনতা খর্ব হবে তা পুরোপুরিই মিথ্যা।"
মনমোহন সিং বলেন, " ভারত একটি বিশাল দেশ, আমাদের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে ... এবং ওই সমৃদ্ধ ঐতিহ্যই আমাদের নিশ্চয়তা যে ভারতকে কেউ চাইলেই তাদের ইচ্ছেমতো পরিচালিত করতে পারবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/২১১৫ ঘ.
bdnews24