২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর আলোচনা এ বছর নাও হতে পারে

সুদান সরকার এবং দারফুর গেরিলাদের মধ্যে স্থগিত হয়ে থাকা শান্তি আলোচনা এ বছরে আর শুরু নাও হতে পারে। পরিকল্পনা অনুসারে আগামী ডিসেম্বর মাসে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরু হতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

খার্তুম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদান সরকার এবং দারফুর গেরিলাদের মধ্যে স্থগিত হয়ে থাকা শান্তি আলোচনা এ বছরে আর শুরু নাও হতে পারে। পরিকল্পনা অনুসারে আগামী ডিসেম্বর মাসে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরু হতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। দারফুররে সহিংস অঞ্চলে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের ২৬ হাজার সেনার শক্তিশালী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রস্তাবিত ডিসেম্বর বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হওয়ার প্রত্যাশা করেছিলেন দারফুর শান্তি আলোচনার মধ্যস্থতাকারীরা। কিন্তু আফ্রিকান ইউনিয়নের দারফুর দূত সেলিম আহমেদ সেলিম শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, আলোচনায় শীর্ষ জঙ্গি নেতাদের সম্মত করাতে আয়োজকদেরকে দীর্ঘ দিন অপেক্ষা করতে হতে পারে। সেলিম বলেন, ডিসেম্বর মাসের মধ্যে এইউ-ইউএন আয়োজিত আলোচনার অগ্রগতির বিষয়ে তিনি এখনও আশাবাদী। "তবে আমি এমন কেউ নই যারা বলতে পারেন, যে কোনো পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই অবশ্যই আলোচনা শুরু করতে হবে।" তিনি বলেন, "দিন গড়িয়ে যেতে থাকায়" মধ্যস্থতাকারী দলকে আলোচনার সময়টি পুনরায় ঠিক-ঠাক করে নিতে হবে। তিনি আরও বলেন, দারফুরের শীর্ষ জঙ্গি নেতারা আলোচনায় অংশ নিতে সম্মত হলেই কেবল আলোচনা সফল হবে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে লিবিয়ার সিরতিতে দারফুর শান্তি আলোচনার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। কিন্তু লিবিয়ার সঙ্গে খার্তুমের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক থাকায় নিরপেক্ষ আলোচনাস্থলের দাবি তুলে এবং আরও সময়ের প্রয়োজন উল্লেখ করে দারফুরের অধিকাংশ জঙ্গি নেতা ওই আলোচনা বয়কট করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪০ু ঘ.