বাগদাদ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের কাছে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী সন্দেহভাজন ২৫ গেরিলাকে হত্যা করেছে। আল কায়েদাকে লক্ষ্য করে চালানো এ অভিযানে যুদ্ধবিমানও অংশ নিয়েছিল। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, বাগদাদের তারমিয়ার পশ্চিমে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চালানো ওই অভিযানে নিহত হয় সন্দেহভাজন আল কায়েদা গেরিলারা। অভিযানে আরও ২১ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, এলাকাটিকে সশস্ত্র লোকদের দেখার পর মার্কিন সেনাবাহিনী যুদ্ধবিমান তলব করে এবং স্থলবাহিনী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন তারা হামলার সম্মুখীন হয় এবং আবারও যুদ্ধবিমান তলব করে। এ সময়কার অভিযানে ২৫ গেরিলা নিহত হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অভিযান শেষে সেনাবাহিনী এলাকাটি থেকে অসংখ্য বিমানবিধ্বংষী অস্ত্র, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র, রাইফেল, পিস্তল, গ্রেনেড, মর্টার ও কামানের গোলা উদ্ধার করেছে।
এদিকে, ইরাকি পুলিশ জানিয়েছে, বাগদাদের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে বৃহস্পতিবার পুলিশের এক কর্নেলের গাড়িবহরকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় এক পুলিশসহ কমপক্ষে চারজন নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২৪৬ ঘ.
bdnews24