ইসলামাবাদ, নভেম্বর, ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট মুশাররফ বিরোধী লড়াইয়ে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর সঙ্গে হাত মেলাতে রাজি পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের বিরোধীদলগুলোকে নিয়ে মুশাররফের বিরুদ্ধে বেনজিরের জোট গড়ার চেষ্টার মাঝে শরীফ তার এই আগ্রহের কথা জানালেন।
বেনজিরের দলের কথা উল্লেখ করে সৌদি আরব থেকে ফোনে রয়টার্সকে শরীফ বলেন, "আমরা পিপিপি'র সঙ্গে মতভেদ ভুলে পাকিস্তানে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত।"
বেনজির এবং শরীফ দুজনই পাকিস্তানে মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন। দুজনই পাকিস্তানে দুবার করে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৮০ এবং ১৯৯০ সালের শেষ দিকে তারা একে অপরের বৈরি প্রতিপক্ষ হয়ে ওঠেন। ১৯৯৯ সালে নওয়াজকে হটিয়ে পারভেজ মুশাররফ ক্ষমতা দখলের বছর নির্বাসনে যান বেনজির। আর শরীফ নির্বাসনে যান ২০০০ সালে।
দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই প্রবল প্রতিপক্ষ আবার একজোট হওয়ার এই সম্ভাবনার মাঝে মুশাররফের বিরুদ্ধে বড় ধরনের বিরোধীদলীয় জোট গড়ে উঠবে কিনা-- এ প্রশ্নের জবাবে শরীফ বলেন, "এটি সময়ের দাবি। আন্তরিকতা এবং দ্রুততার সঙ্গেই আমাদেরকে যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৫ঘ.
bdnews24