লন্ডন, নভেম্বর, ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পদত্যাগ করার কথা বিবেচনা করেছিলেন। বুধবার এক সাক্ষাৎকারে মুশাররফ একথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটেনের স্কাই নিউজ।
স্কাই নিউজে দেওয়া এই সাক্ষাৎকারে মুশাররফ বলেছেন, "তিনি প্রেসিডেন্টের পদ ছাড়ার কথা ভেবেছিলেন। কিন্তু এখন তার মনে হচ্ছে, পাকিস্তানকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য তিনিই একমাত্র ব্যক্তি।" সাক্ষাৎকারটি এখনও প্রচারিত হয়নি।
মুশাররফের সাক্ষাৎকার নেওয়া স্কাই প্রতিবেদক বলেছেন, "মুশাররফ পশ্চিমাদের কাছ থেকে চাপ অনুভব করাসহ গণমাধ্যমের কাছ থেকে বিশ্বাসঘতকতার শিকার হওয়ার কথা বলেছেন এবং তিনি স্বৈরশাসক নন-- একথাটাও বারবার জোর দিয়ে স্কাই নিউজকে বলেছেন।"
মুশাররফ ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন। সেই থেকে তিনি অসংখ্য বিরোধীদলীয় রাজনীতিবিদ, কর্মী এবং আইনজীবীকে গ্রেপ্তারও করেছেন। পশ্চিমারা তার এই পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে। তারা এখনও মুশাররফকে জরুরি অবস্থার অবসান ঘটিয়ে আগামী জানুয়ারীতে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৪ঘ.
bdnews24