ম্যানিলা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের প্রবেশপথে মঙ্গলবার এক বোমা হামলায় এক সংসদ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া ওই বিস্ফোরণে আরও আটজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসিলান থেকে নির্বাচিত মুসলিম সংসদ সদস্য ওয়াহাব আকবরকে হত্যার উদ্দেশ্যে ওই বোমা হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এছাড়া ওই হামলায় অন্য এক সংসদ সদস্যের গাড়িচালক এবং কংগ্রেসের এক কর্মকর্তা মারা যান।
স্থানীয় সময় রাত আটটার দিকে সংসদ সদস্যরা যখন পার্লামেন্টের নিম্নকক্ষের বাতাসান ভবন থেকে বের হচ্ছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের ছাদের একটি অংশ ধসে যায়।
ম্যানিলার পুলিশ প্রধান গ্যারি বরিয়াস বলেন, "আমাদের মনে হয়েছে, সংসদ সদস্য ওয়াহাব আকবরকে হত্যার উদ্দেশে ওই হামলা চালানো হয়।"
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারাইয়ো দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "আমি নিশ্চিত করছি, ঘটনার হোতাদের সরকার খুঁজে বের করবেই।"
এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনের বাইরে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে মনে হয়েছে।
নিম্নকক্ষের স্পিকার জো দে ভেনেসিয়া বলেন, "সংসদ সদস্যদের ওপর এই ধরনের কাপুরুষোচিত হামলার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সন্ত্রাসী ও নৈরাজ্যবাদীদের কাজ।"
তিনি আরও বলেন, "আমি ভাগ্যবান। বিস্ফোরণের কয়েক মিনিট আগেই আমি বেরিয়ে পড়েছিলাম।"
প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারাইয়োর এক মুখপাত্র জানান, ঘটনা তদন্তের জন্য প্রেসিডেন্ট নিজেই পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/০০১০ ঘ.
bdnews24