বেইজিং, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন মঙ্গলবার বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিতর্ক নিরসনে অবরোধ আরোপ সহায়ক পন্থা নয়। অবশ্য একইসঙ্গে চীন তেহরানের প্রতি আরও বেশি আপোসপ্রবণ হওয়ার আহ্বান জানিয়েছে।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে চীন এমন সময়ে এ মন্তব্য করল যখন পরমাণু বিতর্ক নিয়ে আলোচনার জন্য তেহরান সফরে রয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য বেইজিং সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সিনিয়র কর্মকর্তা স্টুয়ার্ট লিভে।
এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও বলেন, "আমরা ইরানকে আন্তর্জাতিক আহ্বানে সাড়া দেওয়ার এবং একটি নমনীয় অবস্থান গ্রহণের আহ্বান জানাই। আমরা আশা করি, আলাপ-আলোচনা ও শলা-পরামর্শের মাধ্যমে আমরা সমধানের পথে এগুতে পারব।"
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে অবরোধ, বিশেষ করে একপাক্ষিক অবরোধ এর কোনো উপকারিতা নেই।"
প্রসঙ্গত, ওয়াশিংটন এবং তাদের মিত্ররা অভিযোগ করে আসছে, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24