২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেকের তেলের যোগান বাড়ানোর কথা নাকচ সৌদি তেলমন্ত্রীর

বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ওপেক দেশগুলোর তেল উৎপাদন বাড়ানোর কোনো ঘোষণা আসছে না সংস্থাটির এ সপ্তাহান্তের রিয়াদ শীর্ষ সম্মেলনে। সৌদি আরবের তেলমন্ত্রী আলি নাঈমি মঙ্গলবার একথা জানিয়েছেন। সৌদি তেলমন্ত্রীর এ কথা থেকে ধারণা করা হচ্ছে বিশ্ব বাজারে তেলে দাম সহসাই কমছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 08:49 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ওপেক দেশগুলোর তেল উৎপাদন বাড়ানোর কোনো ঘোষণা আসছে না সংস্থাটির এ সপ্তাহান্তের রিয়াদ শীর্ষ সম্মেলনে। সৌদি আরবের তেলমন্ত্রী আলি নাঈমি মঙ্গলবার একথা জানিয়েছেন। সৌদি তেলমন্ত্রীর এ কথা থেকে ধারণা করা হচ্ছে বিশ্ব বাজারে তেলে দাম সহসাই কমছে না। বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওপেক দেশগুলোর তেল উৎপাদন ও যোগান বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সৌদি তেলমন্ত্রী 'ফাইনান্সিয়ার টাইমস' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। সৌদি তেলমন্ত্রী বলেন, রিয়াদে ওপেক দেশগুলোর তেলমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের এ শীর্ষ সম্মেলন সংস্থাটির কৌশল নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন নিয়ে। এ বৈঠকে তেলের দাম কিংবা যোগান বা এ জাতীয় স্বল্পমেয়াদী ইস্যু নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আলি নাঈমি বলেন, "এ শীর্ষ সম্মেলন কৌশলগত বিষয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার। আপনারা এর আলোচনার মুখ্য বিষয়টি দেখেছেন। এবং এ সম্মেলন শেষে একটি ঘোষণাও পাবেন আপনারা। ওপেক মন্ত্রীরা যোগান কিংবা দাম নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসছেন না। আর রাষ্ট্র প্রধানরা এ নিয়ে আলোচনা করার প্রশ্নই উঠে না।" ওপেকের অন্যতম প্রভাবশালী দেশটির তেলমন্ত্রী বলেন, তেলের দাম বাড়ার বিষয়ে ওপেকের কিছু করার নেই। তবে বাজার পরিস্থিতির ওপর 'কড়া নজর' রাখছেন তারা। নাঈমি বলেন, "তেলের দাম কেন বাড়ছে তার জবাব আমার কাছে নেই। অনেকগুলো বিষয়ের ওপর বাজারে দাম বাড়ার বিষয়টি নির্ভর করে।" তিনি বলেন, "বাজারে চাহিদা নেই, ক্রেতাও নেই। আমি মনে করি এ বিষয় নিয়ে কেউ দ্বিমত পোষণ করবেন না যে, তেলের মজুদ গত পাঁচ বছরের গড় মজুদের কাছাকাছিই আছে এবং সন্তোষজনক পর্যায়েই তা রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২৫ ঘ.