২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের কুখ্যাত 'ইনসেইন' কারাগার পরিদর্শনে মানবাধিকার দূত

মিয়ানমারে মানবাধিকার যাচাই করার মিশনে যাওয়া জাতিসংঘ মানবাধিকার দূত পাওলো সার্জিও পিনেরো সোমবার ইয়াঙ্গুনের কুখ্যাত 'ইনসেইন' কারাগার পরিদর্শন করেছেন। গত আগস্ট মাসে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের দুই নেতা মিন কো নেইং এবং কো কো গি'র সঙ্গে সাক্ষাৎ করাই এর উদ্দেশ্য। একজন কূটনীতিক একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে মানবাধিকার যাচাই করার মিশনে যাওয়া জাতিসংঘ মানবাধিকার দূত পাওলো সার্জিও পিনেরো সোমবার ইয়াঙ্গুনের কুখ্যাত 'ইনসেইন' কারাগার পরিদর্শন করেছেন। গত আগস্ট মাসে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের দুই নেতা মিন কো নেইং এবং কো কো গি'র সঙ্গে সাক্ষাৎ করাই এর উদ্দেশ্য। একজন কূটনীতিক একথা জানিয়েছেন। গত চার বছরের মধ্যে সেনাশাসিত মিয়ানমারে ব্রাজিলীয় আইন অধ্যাপক পিনেরোর এটাই প্রথম সফর। সেপ্টেম্বর মাসে বৌদ্ধ ভিক্ষু নেতৃত্বাধীন জনবিক্ষোভে সামরিক জান্তার দমন পীড়ন এবং বিক্ষোভ দমনে রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তারের ঘটনাসহ বিভিন্ন নিপীড়নমূলক ঘটনা তদন্ত করে দেখতে তিনি পাঁচদিনব্যাপী এ সফওে এসেছেন। সফরের দ্বিতীয় দিন সোমবার তিনি ইয়াঙ্গুনের নেগেকেরিয়ান বৌদ্ধ মঠও পরিদর্শন করেন। সেপ্টেম্বর মাসে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন জনবিক্ষোভ দমনকালে সামরিক জান্তা যেসব বৌদ্ধ মঠে অভিযান চালিয়েছিল তার একটি ছিল এটি। মিয়ানমার সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলছে, দমনাভিযানে যে ২,৯৭২ জনকে আটক করা হয় তার মধ্যে কয়েকশ' বৌদ্ধ ভিক্ষুও ছিল। দমনাভিযানে নিহত ১০ জনের মধ্যে কোনো বৌদ্ধ ভিক্ষু ছিল না বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সংবাদপত্রগুলো। অথচ বৌদ্ধ ভিক্ষুরা অভিযোগ জানিয়ে আসছেন, মঠগুলোতে অভিযান চালানোর সময় তাদের কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া, ইন্টারনেটে প্রকাশিত কয়েকটি ছবিতে নিহত বৌদ্ধ ভিক্ষুদের ছিন্ন-ভিন্ন লাশ দেখা গেছে। যদিও ছবিগুলো কখন ও কোথা থেকে তোলা হয় তা পরিষ্কার জানা যায়নি। সরকারি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯১ জন ছাড়া বাকি সবাইকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের এ সংখ্যা নিহতদের সম্পর্কে মিয়ানমার সরকারের দেওয়া সংখ্যার মতো বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়গুলোই পিনেরো যাচাই করে দেখবেন বলে মনে করা হচ্ছে। কেননা, দমনাভিযানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা। মিয়নমার সফর শেষে ডিসেম্বরের ১০ থেকে ১৪ তারিখে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আগামী অধিবেশনে মিয়ানমার সম্পর্কিত প্রতিবেদন পেশ করবেন পিনেরো। অবশ্য এর আগে মিয়ানমার থেকে বেরোনোর পরপরই ১৬ নভেম্বর ব্যাংককে একটি সংবাদ সম্মেলন করতে পারেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৯ ঘ.