২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা 'চুপ করব না' স্পেনের রাজাকে শ্যাভেজ

স্পেনের রাজা বনাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিতর্ক রোববার নতুন মোড় নিয়েছে। রাজা হুয়ান কার্লোসের হুগো শ্যাভেজকে ধমক দিয়ে 'চুপ করতে' বলার জবাবে শ্যাভেজ বলেছেন, একজন রাজা কোনো প্রেসিডেন্টকে চুপ করতে বলতে পারেন না। কার্লোসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি জেনে রাখুন, আমরা চুপ করব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

সান্তিয়াগো, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - স্পেনের রাজা বনাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিতর্ক রোববার নতুন মোড় নিয়েছে। রাজা হুয়ান কার্লোসের হুগো শ্যাভেজকে ধমক দিয়ে 'চুপ করতে' বলার জবাবে শ্যাভেজ বলেছেন, একজন রাজা কোনো প্রেসিডেন্টকে চুপ করতে বলতে পারেন না। কার্লোসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি জেনে রাখুন, আমরা চুপ করব না।" এর আগে শনিবার শ্যাভেজ বলেছিলেন, যিনি আমাদের চুপ করতে বলেছেন তিনি মনে করছেন আমরা এখনও সতেরো, আঠারো শতকের প্রজা। চিলির সান্তিয়াগোয় আইবেরো-আমেরিকান সম্মেলনে রাজা-শ্যাভেজের বিতর্ক বিশ্বজুড়ে মিডিয়ায় দারুণ সাড়া জাগিয়েছে। ওদিকে, তার এ রাজাগিরির জন্য স্পেনের মিডিয়ায় প্রসংশিতও হয়েছেন কার্লোস। চিলির ওই সম্মেলনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনা'কে 'ফ্যাসিস্ট' বলার পর শ্যাভেজকে ধমক দিয়ে 'চুপ করতে' বলেন রাজা কার্লোস। রোববার এ বিতর্ককে আরও টেনে নিয়ে শ্যাভেজ রাজাকে উদ্দেশ্য করে বলেন, "আমি মনে করি কোনো প্রেসিডেন্টকে চুপ করতে বলা একজন রাজার পক্ষে খুবই দুর্বিনীত। রাজা সাহেব, (আপনি জেনে রাখুন) আমরা চুপ করব না।" ২০০২ সালে ভেনেজুয়েলায় তার বিরুদ্ধে দুই দিনের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় স্পেনের রাজার হাত ছিল অভিযোগ করে শ্যাভেজ জানতে চান, "রাজা সাহেব, আপনি কি ভেনেজুয়েলার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার কথা জানতেন না, ২০০২ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান।" শ্যাভেজ বলেন, "ষড়যন্ত্রকারীদের অভ্যুত্থান প্রচেষ্টায় মদদ দেওয়ার জন্য স্পেনের রাষ্ট্রদূত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে সশরীরে হাজির ছিলেন অথচ তিনি তার মান্যবরের (রাজার) কাছ থেকে অনুমতি নিয়ে আসেননি এটা বিশ্বাস করা খুবই কঠিন।" ওদিকে, স্পেনের এল মুন্ডো পত্রিকায় শ্যাভেজের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, রাজাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, রাজা "একটা বুনো ষাঁড়ের মতোই পাগলা হয়ে গেছেন।" শ্যাভেজ বলেন "কিন্তু, হায় আমি তুখোড় খেলোয়াড় "। রাজা আর শ্যাভেজের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকার স্প্যানিশ, পর্তুগীজ ও ক্যাটালান ভাষাভাষি ১৯টি দেশের বার্ষিক ওই শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনটি বাকবিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমমটি/এলকিউ/১৭০০ ঘ.