২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের নির্বাচনী বৈধতা মামলার শুনানি শুরু হচ্ছে

পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের দ্বিতীয়দফা নির্বাচন করার বৈধতা নিয়ে দায়ের করা মামলাগুলোর শুনানি আবার শুরু হচ্ছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট দু'এক দিনের মধ্যেই শুনানি শুরু করবে এবং আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণা করবে বলে সোমবার খবর প্রকাশ করেছে পাকিস্তানের 'দ্য ডেইলি টাইমস' পত্রিকাটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 07:44 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ইসলামাবাদ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের দ্বিতীয়দফা নির্বাচন করার বৈধতা নিয়ে দায়ের করা মামলাগুলোর শুনানি আবার শুরু হচ্ছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট দু'এক দিনের মধ্যেই শুনানি শুরু করবে এবং আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণা করবে বলে সোমবার খবর প্রকাশ করেছে পাকিস্তানের 'দ্য ডেইলি টাইমস' পত্রিকাটি। একইসঙ্গে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের পদে বহাল থাকা এবং সেনাপ্রধানের পদে থেকেই বিদায়ী পার্লামেন্টের কাছ থেকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের অনুমোদন নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ওই মামলাগুলো দায়ের করা হয়। মুশাররফ গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে দ্বিতীয়দফায় বরখাস্ত করেন এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেন। একইসঙ্গে উচ্চ আদালতের বহুসংখ্যাক বিচারককেও পদচ্যুত করেন তিনি। আদালতের রায় তার বিপক্ষে যেতে পারে এ আশঙ্কাতেই তিনি এসব পদক্ষেপ নেন বলে বিশ্বাস করা হয়। আগামী ৯ জানুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে মুশাররফের ঘোষণার পর এখন নতুন প্রধান বিচারপতি এবং বিচারকদের অধীনে এসব মামলার শুনানি শুরু হচ্ছে। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় মুশাররফ স্পষ্ট করেই বলেন, তার ৬ অক্টোবরের দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেওয়াকে আদালত বৈধতা দিলেই কেবল তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। 'দ্য ডেইলি টাইমস' পত্রিকাটি জানায়, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মালিক আব্দুল কাইয়ুম বলেছেন, আগামী বুধবারের মুশাররফের ওইসব মামলার শুনানি শুরু হতে পারে এবং সপ্তাহান্তের মধ্যেই মামলার রায় ঘোষণা করা হতে পারে। ওদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টো নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও বলেছেন, মুশাররফকে আরও অনেক কিছুই করতে হবে। একইসঙ্গে মঙ্গলবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে মুশাররফ বিরোধী লংমার্চের সিদ্ধান্তে অনড় থাকার কথাও জানান তিনি। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মুশাররফের নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানালেও অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমমটি/এজে/১৫৩০ ঘ.