ওয়াশিংটন, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে দেশটি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, জঙ্গিবাদ দমনের অন্যতম এক ঘনিষ্ঠ মিত্রকে পরিত্যাগ করবে না যুক্তরাষ্ট্র।
রাইস বলেন, সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া এবং জানুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয় মুশাররফের অঙ্গীকার প্রাথমিক পদক্ষেপ হলেও পাকিস্তানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য তা ছিল গুরুত্বপূর্ণ।
এবিসি টেলিভিশনের "দিস উইক" অনুষ্ঠানকে তিনি বলেন, "আমরা আরও আহ্বান জানাচ্ছি যে যত শিগগির সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়া হোক।"
পাকিস্তানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য দেশি-বিদেশি চাপের মুখে গত রোববার জেনারেল মুশাররফ জানুয়ারি মাসের ৯ তারিখের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। তবে তিনি বলেন, জরুরি অবস্থার মধ্যেই সে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ নভেম্বর মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা এবং সংবিধান স্থগিত ঘোষণা করেন।
রোববার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান মুশাররফ আরও বলেন, তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন এবং সেনাপ্রধান থাকা অবস্থায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বৈধতার বিষয়ে দায়ের করা মামলাগুলো সুপ্রিম কোর্ট খারিজ করার পরপরই তিনি একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেন, আমাগী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তার কথা রাখবেন বলে তিনি আশাবাদী। একইসঙ্গে বুশ বলেন, আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন ওয়াশিংটনের।
এর একদিন বাদে গত রোববার জেনারেল মুশাররফ ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমমটি/১২৪০ ঘ.
bdnews24