ইসলামাবাদ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ জানিয়েছেন, আগামী ১৫ ফেব্র"য়ারির মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি একথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ গত বুধবার ফোনে পাকিস্তানের প্রেসিডেন্টকে সেনাপ্রধানের পদ ছাড়া ও নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানোর পরদিন মুশাররফ এই ঘোষণা দিলেন।
পাকিস্তানে আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু গত শনিবার জরুরি অবস্থা জারির পর সেই সম্ভাবনা কমে আসে।
জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক শেষে মুশাররফ সাংবাদিকদের বলেন, "এটা ছিল আমার অঙ্গীকার এবং আমি তা পূরণ করছি।"
জরুরি অবস্থার প্রতিবাদে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি রাওয়ালপিন্ডিতে শুক্রবার একটি জনসমাবেশের পরিকল্পনা করছে।
গত বুধবার বেনজির ভুট্টো ঘোষণা দেন তিনি আগামী ১৩ নভেম্বর থেকে সমর্থকদের নিয়ে লাহোর থেকে পদযাত্রা শুরু করবেন। মুশাররফ সেনাপ্রধানের পদ না ছাড়া পর্যন্ত তা চলবে।
বেনজিরের ওই ঘোষণার পর রাতেই পাঞ্জাবের রাজধানী লাহোর ও প্রদেশজুড়ে অভিযান চালিয়ে পিপিপির এক হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লাহোরে জনসবামেশ ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/১৮০৫ ঘ.
bdnews24