ইসলামাবাদ, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার সমর্থকদের নিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে পদযাত্রায় নামার হুমকি দিয়েছেন। বুধবার তিনি জানান, ১৩ নভেম্বর লাহোর থেকে এই পদযাত্রা শুরু হবে এবং মুশাররফ সেনাপ্রধানের পদ না ছাড়া পর্যন্ত তা চলবে।
জরুরি অবস্থা তুলে নিতে মুশাররফকে বাধ্য করার কৌশল নিয়ে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর বেনজির পদযাত্রায় নামার এই হুমকি দিলেন। গত ৩ নভেম্বর মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করেন।
এক সংবাদ সম্মেলনে বেনজির বলেন, "৯ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে আমরা ১৩ নভেম্বর লাহোর থেকে 'লং মার্চ' শুরু করব এবং ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করব।"
তিনি আরও বলেন, "১৫ নভেম্বরের মধ্যে সেনপ্রধানের পদ ছেড়ে দেবেন বলে মুশাররফ সুপ্রিম কোর্টে মুশাররফ যে ওয়াদা করেছিলেন এবং পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে আলোচনায় যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তার তা পালন করা উচিৎ।
বেনজির দাবি করেণ, ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী তফশিল ঘোষণা করতে হবে এবং আটক বিচারক, আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
আট বছরের বেশি সময় স্বেচ্ছা নির্বাসন শেষে গত ১৮ অক্টোবর বেনজির দেশে ফেরেন। করাচিতে হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান। সেদিন রাতেই বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে ১৩৯ জন।
নির্বাচনের পর বেনজির মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে পারেন বলে মনে করছেন অনেকেই। জরুরি অবস্থা জারির আগে আশা করা হচ্ছিল আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে। কিন্তু জরুরি অবস্থার কারণে সে সম্ভাবনা আর নেই। সরকারও ইঙ্গিত দিয়েছে দেশের এই অবস্থায় নির্বাচন প্রায় এক বছর পেছাতে পারে।
অন্য রাজনৈতিক দলগুলো বলছে সেনাশাসক মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা বেনজিরের উচিৎ হবে না। তবে বেনজির জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই তার উদ্দেশ্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএ/এফএইচবি/১৮৫৫ঘ.
bdnews24