আফগানিস্তান, বাঘলান অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হওয়ার ঘটনায় আফগানিস্তানে বুধবার থেকে জাতীয়ভাবে তিনদিনের শোক পালন করা হচ্ছে। মঙ্গলবারে ওই বোমা হামলায় নিহতদের অধিকাংশই শিশু।
আফগানিস্তানের তুলনামূলক শান্ত উত্তরাঞ্চলে ওই হামলার ফলে বিদেশি সেনা ও সরকারের নিরাপত্তা কর্মসূচি পরিচালনার দক্ষতা নিয়ে জনমনে আস্থাহীনতা দেখা দিয়েছে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "ভয়াবহ ওই হামলায় ছয় পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন। নিহত হয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও শিশুসহ নিরীহ মানুষ। এছাড়া আহত হয়েছেন অনেকে।"
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান শহরে মঙ্গলবার সফররত সংসদ সদস্যদের প্রতিনিধিদের ওপর অত্মঘাতী হামলায় ছয় পার্লামেন্ট সদস্যসহ প্রায় অর্ধশত মানুষ নিহত হন।
প্রতিনিধিরা বাঘলানের শিল্প এলাকায় একটি চিনি কল পরিদর্শনের সময় ওই আত্মঘাতী হামলা হয়। এ সময় অনেক এলাকাবাসী ও স্কুলের শিশু শিক্ষার্থীরা ওখানে জড়ো হয়েছিল।
বাঘলান হাসপাতালের ডাক্তার মোহাম্মদ রোকাই বুধবার বলেন, "আমরা আহতদের চিকিৎসা করে যাচ্ছি। অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।"
তিনি বলেন, "মঙ্গলবারের হামলায় নিহত ও আহহদের মধ্যে অধিকাংশ শিশু।"
বুধবারও ঘটনাস্থলের রাস্তার ওপর জমাট বাধা রক্ত পড়েছিল। পড়ে আছে স্কুল ছাত্রদের খাতা, কলম, স্যান্ডেলসহ অনেক কিছু। পুলিশ সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
মঙ্গলবারের হামলার পর এলাকায় আহাজারির মাতম চলছে। প্রায় প্রতিটি দুই একজন নিহত বা আহত হয়েছেন।
বিস্ফোরণস্থলে পুলিশ কর্ডনের পিছনে দাঁড়িয়ে বুধবার এক এলাকাবাসী শফিকুল্লাহ বলেন, "গতকাল থেকে আমার এক ভাইকে খুঁজে পাচ্ছি না। তার বয়স ১২ বছর। আমরা এখনও জানি না সে বেঁচে আছে না মারা গেছে।"
আফগানিস্তানের তালেবান বিদ্রোহিরা এবছর প্রায় ১৩০ টি আত্মঘাতী হামলায় দুইশ'র বেশি মানুষকে হত্যা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১৬ঘ.
bdnews24