বেইজিং, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইরানের পরমাণু কর্মসূচি বাগে আনতে চীনের সাহায্য কামনা করেছেন। বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তার স্বার্থেই উপসাগরীয় পরিস্থিতি স্থিতিশীল থাকা প্রয়োজন বলে তিনি যুক্তি দেখান।
গেটস জানান, সোমবার চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি ইরান ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে এ ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। জিনতাওয়ের সঙ্গে মূলত সামরিক সম্পর্ক নিয়েই আলাপ করেছেন গেটস।
গাংবাদিকদের গেটস বলেন, "এ অঞ্চলে ইরানের মতো অস্থিতিশীল শক্তি কারো স্বার্থের জন্যই অনুকূল নয়। এমনকী চীনের জন্যও না। কেউ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা অক্ষুন্ন রাখতে চাইলে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং চীন দু'ইই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ। কিন্তু ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে থাকলেও চীন আলোচনার মধ্য দিয়ে কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি সমস্যা সমাধানের পক্ষে।
চীনের পরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ইরান প্রশ্নে ওয়াশিংটন এবং বেইজিংয়ের লক্ষ্য এক। চীনের পররাষ্ট্রমন্ত্রী লিউ জিনাচাও এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, " আমরা উভয়ই বিশ্বাস করি যে ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। তাছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিও আমরা অক্ষুন্ন রাখতে চাই। তবে তিনি বলেন, চীন মনে কওে সংলাপ ও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমস্যা সমাধান করা উচিত।"
ইরান তার পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসলেও পশ্চিমাদেও ধারণা, ইরান তলে তলে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৫ঘ.
bdnews24