২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আবারও আইনজীবীদের ওপর চড়াও পুলিশ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারিকৃত জরুরি অবস্থার বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালেও ব্যাপক মারধোর ও গ্রেপ্তারের শিকার হয়েছেন আইনজীবীরা। এদিনও আইনজীবীদেও মারধোর করার পাশপাশি তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলেছে। এদিকে, জরুরি অবস্থা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মুশাররফের মন্ত্রিপরিষদের বৈঠকে বসার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারিকৃত জরুরি অবস্থার বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালেও ব্যাপক মারধোর ও গ্রেপ্তারের শিকার হয়েছেন আইনজীবীরা। এদিনও আইনজীবীদেও মারধোর করার পাশপাশি তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলেছে। এদিকে, জরুরি অবস্থা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মুশাররফের মন্ত্রিপরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে সোমবার পাকিস্তানের কর্মকর্তারা আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলার পর মঙ্গলবার আরও বেশি সংখ্যক আইনজীবী বিক্ষোভ করে। প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোসহ বিরোধী রাজনীতিকরা জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা জানালেও রাজপথের বিক্ষোভে তাদের সমর্থকদের সক্রিয় উপস্থিতি দেখা যায়নি। গতকাল পর্যন্ত পাকিস্তানের আইনজীবীদেরই কেবল জরুরি অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আল-কায়েদা ও তালেবান জঙ্গি বিরোধী যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র মনে করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল মুশাররফকে। তারপরও সোমবার তিনি মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহার করা, নির্বাচন অনুষ্ঠান এবং তার উর্দি ছাড়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে ইসলামাবাদে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ, পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টের কাছে টহলচৌকিতে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে দেখা গেছে সেনাদের। বাণিজ্যিক শহর করাচির সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টারত আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় মুলতান শহরে বেশ কয়েকজন আইনজীবী জরুরি অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। তারা "মুশাররফ নিপাত যাক" বলে শ্লোগান দেয় এবং পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ তাদেরকে মারপিট করে এবং ট্রাকে তুলে নিয়ে যায়। রয়টার্সের একজন আলোকচিত্রী জানিয়েছেন, লাহোর হাই কোর্ট প্রাঙ্গন থেকে ১২ জনের মতো আইনজীবীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাজধানী ইসলামাবাদে প্রায় দুইশ' আইনজীবী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমত দখলকারী জেনারেল পারভেজ মুশাররফ গত শনিবার জরুরি অবস্থা জারির পর থেকে কয়েকশ' আইনজীবী এবং বিরোধী রাজনীতিককে আটক করেছেন। ধারণা করা হচ্ছে, সেনাপ্রধান থাকা অবস্থায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিজের পক্ষে নেওয়ার লক্ষ্যে মুশাররফ জরুরি অবস্থা জারি করেন। গত ৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সুপ্রিম কোর্টের এক নিষেধাজ্ঞার ফলে ওই নির্বাচনে জেনারেল মুশাররফের অংশগ্রহণের বৈধতার সম্পর্কিত রায় না হওয়া পর্যন্ত ভোটে তার জয় ঘোষণা স্থগিত হয়ে যায়। শনিবার জরুরি অবস্থা জারির পর একটি "সাময়িক সাংবিধানিক অধ্যাদেশ" জারি করেন মুশাররফ। ওই অধ্যাদেশ অনুসারে বিচারকদের নতুন করে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অধিকাংশ বিচারক পুনরায় শপথ নিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় মুশাররফ তার অনুগত বিচারকদের দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো পূরণের চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার আরও চারজন বিচারক শপথ নিয়েছেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা নয়জনে পৌঁছেছে। অবশ্য, বেঞ্চগুলো পূরণ করতে এখনও আটজন বিচারককে নতুন করে শপথ নিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৫ ঘ.