ইসলামাবাদ, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থার পর একটি 'সাময়িক সাংবিধানিক আধ্যাদেশ' অনুসারে পুনরায় শপথ নিতে অস্বীকৃতি জানানো বেশ কয়েকজন বিচরককে সোমবার পুলিশ তাদের বাড়িতে অন্তরীণ করে রেখেছে। পাকিস্তানি কর্মকর্তা এবং একজন বিচারক একথা নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারকের কথা উল্লেখ করে রাজধানী ইসলামাবাদের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "তারা তাদের বাসভবনে রয়েছেন। তাদের বাইরে আসার অনুমতি দেওয়া হবে না।"
দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের হাই কোর্টের পদচ্যুত বিচারক সাবিহউদ্দিন আহমেদ রয়টার্সকে বলেন, "আমাকে আদালতে যেতে দেওয়া হয়নি। আমি আমার বাড়িতে রয়েছি।"
তিনি বলেন, কয়েকজন বিচারক হাই কোর্ট পর্যন্ত পৌঁছুতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আদালত প্রাঙ্গনে ঢুকতে দেয়নি।
পুনরায় শপথ নিতে অস্বীকৃতি জানানো ইসলামাবাদের বেশ কয়েকজন বিচারকের বাসভবনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা যাতে আদালতে যেতে না পারে সেজন্য গভীর রাত থেকে তাদের বাড়ি চারপাশ থেকে ঘিরে রাখা হয়।
জরুরি অবস্থা জারির পর শনিবার রাতেই মুশাররফ একটি 'সাময়িক সাংবিধানিক অধ্যাদেশ' জারি করেন। ওই অধ্যাদেশ অনুসারে বিচারকদের নতুন করে শপথ নেওয়ার কথা বলা হয়েছে। নতুবা তাদেরকে পদচ্যুত হওয়ার ঝুঁকির মধ্যে থাকতে হবে।
তবে ওই 'সাময়িক সাংবিধানিক অধ্যাদেশ' অনুসারে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং চারটি হাই কোর্টের অধিকাংশ বিচারকই ।
উল্লেখ্য, গত মার্চ মাসে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করার প্রচেষ্টার পর থেকে মুশাররফের সঙ্গে সুপ্রিম কোর্টের সুসম্পর্ক ছিল না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫১ ঘ.
bdnews24