ইসলামাবাদ, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জরুরি অবস্থা জারির পর গত প্রায় ২৪ ঘন্টায় পাকিস্তানে শত শত বিরোধী নেতাকর্মী ও আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ জুড়ে এখনও চলছে গণগ্রেপ্তার অভিযান। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভারপ্রাপ্ত সভাপতি জাভেদ হাশমিসহ অনেক নেতাকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়। এছাড়া রোববার ভোররাত থেকে গৃহবন্দি বা আটক করে রাখা হয়েছে অনেক আইনজীবীকে। গ্রেপ্তার হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও।
পাকিস্তানের মধ্যাঞ্চলীয় মুলতান শহর থেকে জাভেদ হাশমিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগ মুহুর্তে সাংবাদিকদের তিনি বলেন, "মুশাররফের দিন ফুরিয়ে আসছে। সময়ে এসেছে সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা অবসানের।"
রাজধানী ইসলামাবাদে পুলিশ সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাবেক প্রধান হামিদ গুলসহ প্রায় ৪০ বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পূর্বাঞ্চলীয় লাহোর শহরে বিভিন্ন অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়েছে প্রায় ৩০ মানবাধিকার কর্মীকে।
বেনজির ভুট্টোর দল পিপিপি'র এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্য পাঞ্জাবে দলের প্রায় দুইশ' নেতাকর্মীকে আটক করা হয়েছে।
করাচি পুলিশ প্রধান আজহার আলী ফারুকি বলেন, "আমাদের শান্ত থাকার দিন শেষ। এখন আমরা মোটেই ধৈর্যের পরিচয় দেব না।"
বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোও গ্রেপ্তার হতে পারেন এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "প্রয়োজন হলে আমরা ব্যবস্থা নেব, শক্তি প্রয়োগ করতেও পিছপা হব না। কাউকেই ছাড় দেওয়া হবে না।"
দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি এবং বিচাবিভাগীয় হস্তক্ষেপের কারণে জরুরি অবস্থা জারি করেছেন বলে যুক্তি দেখাচ্ছেন মুশাররফ। রাতে টেলিভিশন ভাষণে তিনি বলেন, "দেশ অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এই বিপদের মধ্যে আমি দেশকে আত্মহননের মুখে ঠেলে দিতে পারি না।"
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহর থেকে বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতা এবং মুশাররফবিরোধী আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মুশাররফবিরোধী অন্যতম আইনজীবী তারিক মেহমুদ জানিয়েছেন, সামরিক শাসন বিরোধী অধিকাংশ আইনজীবীকে হয় গৃহবন্দি নতুবা আটক রাখা হয়েছে।
একটি থানায় আটকাবস্থায় মেহমুদ রয়টার্সকে বলেন, "১৯৯৯ সালের পর জেনারেল মুশাররফ দ্বিতীয়বারের মতো দেশের ক্ষমতা নিল। তিনি জরুরি অবস্থা জারি করেননি, জারি করেছেন সামরিক শাসন।"
আটক হওয়া আইনজীবী ও বিরোধীদলীয় নেতাদের অন্যতম আইতজাজ আহসান।আটক হওয়ার মুহুর্তে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এইতজাজ আহসান ইসলামাবাদে বাড়ির সামনে সাংবাদিকদের জানান, তাকে ৩০ দিনের জন্য আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এইতজাজ আহসান বলেন, "একটিমাত্র মানুষ জাতিকে জিম্মি করে ফেলেছেন। মুশাররফের পতনের সময় হয়ে গেছে।"
এদিকে রোববার সকালেও বিভিন্ন স্থানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
জরুরি অবস্থা কতদিন থাকবে সে ব্যাপারে মুশাররফ কিছু বলেননি। নির্বাচন কখন হবে সে ব্যাপারেও কিছু না জানিয়ে তিনি বলেছেন, পাকিস্তানকে বেসামরিক গণতন্ত্রের দেশে রূপান্তরিত করার পরিকল্পনা তার এখনও রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এফএইচবি/১৭১৬ ঘ.
bdnews24