নাইরোবি, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইথিওপিয়ার প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় এলাকায় আরও ২৭০ জন সরকারি সেনাকে হত্যার দাবি জানিয়েছে দেশটির 'ওগাদেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' (ওএনএলএফ) গেরিলারা। এর আগে গত মাসে অপর এক সংঘর্ষে আড়াইশ' সরকারি সেনাকে হত্যার দাবি জানিয়েছিল ওএনএলএফ গেরিলারা।
রোববার এক বিবৃতিতে ওএনএলএফ গেরিলারা জানায়, রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে সেনাসদস্যবাহী ট্রাকগুলো উড়িয়ে দিয়ে অধিকাংশ সেনাকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, সংঘর্ষে ব্যাপক সংখ্যাক সরকারি সেনা নিহত হওয়া সংক্রান্ত ওএনএলএফ গেরিলাদের দাবিকে বরাবরই প্রত্যাখান করে আসছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবির সরকার। এছাড়া ইথিওপিয়া সরকার জানিয়েছে, এ বছর তাদের অভিযানে গেরিলা পক্ষে ব্যাপক প্রাণহানি হয়েছে।
তবে এলাকাটিতে বিদেশি সাংবাদিক এবং সাহায্যকর্মীদের যাতায়াতের ওপর বিধিনিষেধ থাকায় ওএনএলএফ গেরিলাদের ২৭০ সরকারি সেনা হত্যার দাবির সত্যতা সম্পর্কে স্বতন্ত্র কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
মেলেস প্রশাসন বর্তমানে ইথিওপিয়ায় যেসব সহিংসতার সম্মুখীন সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হচ্ছে ওগাদেনের সহিংসতা।
ওএনএলএফ তাদের সর্বশেষ "সামরিক ইশতেহারে" (বিবৃতিতে) জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচটি সংঘর্ষে তাদের বিপুল সংখ্যক যোদ্ধা অংশ নিয়েছিল। এসব সংঘর্ষে ২৭০ জনের বেশি টিপিএলএফ (সরকারি) সেনা নিহত এবং অগণিত সেনা আহত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "রকেট চালিত গ্রেনেড হামলায় পাঁচটি পরিবহন গাড়ি ধ্বংস হয়। সে সময় গাড়িগুলো ছিল সেনাসদস্যদের দ্বারা পূর্ণ।"
ওএনএলএফের রোববারের এ বিবৃতি সম্পর্কে ইথিওপিয়ার সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৩ ঘ.
bdnews24