কুকুর্সা, তুরস্ক, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত মাসে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের অতর্কিত হামলার সময় অপহৃত তুরস্কের ৮ সেনাকে উত্তর ইরাকে ছেড়ে দেওয়া হয়েছে। পিকেকের এক নেতা রোববার একথা জানিয়েছেন।
সীমান্ত পেরিয়ে তুরস্কে হামলা চালানোর জন্য দায়ী কুর্দি গেরিলাদের দমনের ব্যাপারে ইরাক সরকারের হুঁশিয়ারির একদিন পর অপহৃত তুর্কি সেনাদের ছেড়ে দেওয়ার এ ঘটনা ঘটল।
প্রসঙ্গত, গত মাসে তুর্কি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে পিকেকে গেরিলারা অতর্কিত হামলা চালিয়ে ১২ তুর্কি সেনাকে হত্যা এবং ৮ সেনাকে অপহরণ করে। ওই ঘটনার পর থেকে কুর্দি গেরিলা দমনে উত্তর ইরাকে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে তুরস্ক। এর প্রস্তুতি হিসাবে তুরস্ক ইরাক সীমান্তে ট্যাংক, কামান ও যুদ্ধবিমানসহ প্রায় এক লাখ সেনা মোতায়েনও করে রেখেছে।
আব্দুল রহমান চাদের্চি নামের পিকেকের এক নেতা জানিয়েছেন, অপহৃত সেনাদের রোববার মুক্তি দেওয়া হয়েছে।
রয়টার্সকে তিনি বলেন, "স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় কুর্দিস্তান অঞ্চলের এক প্রতিনিধি দলের কাছে আট সেনাকে ফেরৎ দেওয়া হয়েছে। প্রতিনিধি দলটিতে ডেমোক্রেটিক সোসাইটি পার্টির (ডিটিপি) সদস্যরাও ছিলেন।"
এর আগে তুর্কি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, কুর্দিপন্থী ডিটিপি পার্টির তিনজন আইনপ্রণেতা তুর্কি সেনাদের মুক্তি নিয়ে আলোচনার জন্য উত্তর ইরাকে রয়েছেন।
উত্তর ইরাকের ঠিক কোথায় তাদের ছেড়ে দেওয়া হয় সে বিষয়টি জানাতে অস্বীকার করেন চাদের্চি। তবে তিনি জানান, অপহৃত সেনারা ভাল আছেন এবং কোনো ক্ষতিপূরণ বা শর্ত ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তুর্কি টেলিভিশন জানিয়েছে, অপহৃত সেনাদের মুক্তিতে মার্কিন কর্মকর্তারা ভূমিকা রেখেছেন। এছাড়া গাড়িতে করে ওই সেনাদের তুরস্কের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে তুর্কি টেলিভিশনের ফুটেজে।
চাদের্চি বলেন, ছেড়ে দেওয়ার সময় সেনারা ইরাকে ছিল।
তিনি বলেন, অপহৃত সেনাদের মুক্তি দেওয়ার মাধ্যমে পিকেকে একটি বার্তা পাঠাতে চেয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই তুরস্ক আমাদের প্রেসিডেন্ট আবদুল্লাহ ওকালানকে ছেড়ে দিক।"
উল্লেখ্য, তুরস্কের মরমর সাগরের একটি দ্বীপের এক কারাগারে জাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ওকালান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০৬ ঘ.
bdnews24