২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ইরাকি প্রধানমন্ত্রীর

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি শনিবার উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তিনি ইরাকে পিকেকের সকল কার্যালয় বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ইস্তাম্বুল, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি শনিবার উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তিনি ইরাকে পিকেকের সকল কার্যালয় বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছেন। ইস্তাম্বুলে ইরাকের নিরাপত্তা বিষয়ক এক দিনের আঞ্চলিক সম্মেলনে দেওয়া ভাষণে এসব অঙ্গীকার ব্যক্ত করেন ইরাকি প্রধানমন্ত্রী। আঙ্কারা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্তৃপক্ষের অসংখ্য অঙ্গীকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় আঙ্কারা সতর্ক করে দিয়েছে যে ত্বরিত পদক্ষেপ না নিলে পিকেকে গেরিলাদের দমনে তুরস্ক সীমান্ত পেরিয়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে। প্রসঙ্গত, তুর্কি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর জন্য উত্তর ইরাককে একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করছে পিকেকে গেরিলারা। ইস্তাম্বুলের ইরাক সম্মেলনে দেওয়া ভাষণে মালিকি বলেন, "আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।" যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্ক পিকেকে গেরিলাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি হিসাবে ইরাক সীমান্তে ট্যাংক, কামান ও যুদ্ধবিমানসহ প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। তবে বাগদাদ ও ওয়াশিংটন এ ধরনের অভিযান চালানো থেকে বিরত থাকার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে আসছে। তাদের আশঙ্কা, আঙ্কারার এ ধরনের অভিযানের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল হয়ে উঠতে পারে উত্তর ইরাকসহ আশাপাশের বিস্তীর্ণ এলাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমমটি/১৬৪৯ ঘ.