নয়াদিল্লি, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়া রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর ওপর চাপ কমাতে জ্বালানি তেলের দাম বাড়াতে কিংবা আমদানি শুল্ক কমাতে পারে ভারত। তেলের দাম বাড়ানো কিংবা শুল্ক কমিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্ব বাজারের সঙ্গে একটি ভারসাম্যের পরিস্থিতিতে আসতে চাইছে ভারত। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি প্যাকেজ চূড়ান্ত করা হতে পারে। ভারতের তেলমন্ত্রী মুরলি দোয়েরা শুক্রবার এসব কথা জানিয়েছেন।
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছেন তেলমন্ত্রী মুরলি।
গরিব মানুষদের ওপর চাপ না বাড়াতে এবং মূল্যস্ফীতি ঠেকিয়ে রাখার প্রচেষ্টায় ভর্তুকি দিয়ে কমমূল্যে তেল সরবরাহ করে থাকে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিগুলো।
তেলমন্ত্রী শুক্রবার সাংবাদিকদের বলেন, "আগামী সপ্তাহের মধ্যেই একটি সমাধান খুঁজে বের করতে আশাবাদী আমরা।"
মুরলি বলেন, "আমরা অনেকগুলো বিকল্প নিয়েই আলোচনা করেছি -- তেলের দাম বাড়ানো, অশোধিত তেলের আমদানি শুল্ক কমানো এবং আবগারী শুল্ক কমানো।"
তিনি বলেন, "সরকার সবগুলো বিকল্পই বিবেচনা করে দেখছে।"
বিশ্ব বাজারে তেলের দাম এ সপ্তাহে ব্যারেলপ্রতি ৯৬ ডলারের ওপরে উঠে যাওয়ার পরও নিজেদের বাজারে তেলের দাম বাড়ায়নি ভারত। শুক্রবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৯৪ ডলারের ওপর।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে দেশজুড়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচন, পরমাণু চুক্তি ইস্যুতে বামপন্থী জোটের সঙ্গে বিরোধ এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনা করে তেলের দাম বাড়ানোর বিষয়টি কার্যকর করা সরকারের জন্য সহজ হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.
bdnews24