ভিলাহারমোসা, মেক্সিকো, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কয়েক দিনের টানা অতিবর্ষণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় টাবাস্কো রাজ্যে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যটির অধিকাংশ এলাকা। গৃহহীন হয়ে পড়েছে আট লাখ লোক। ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় রাজ্যটির নিচু এলাকায় এ পর্যন্ত একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
কয়েক দিনের ভারী বর্ষণের কারণে এ সপ্তার প্রথম দিকে রাজ্যের রাজধানী ভিলাহারমোসার ভেতর দিয়ে বহমান গ্রিজালভা নদীর পানি উপচে শুরু হয় এ প্লাবনের। বৃহস্পতিবার বালুর ব্যাগ দিয়ে তৈরি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে যায় পাঁচ লাখ অধিবাসীর বসতি ভিলাহারমোসা শহর। সেখানকার ক্ষুধার্ত ও পিপাসার্ত বাসিন্দানের শুক্রবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুপারমার্কেটগুলোতে। কিন্তু খাবার, পানি ও ওষুধ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় বেশ কিছু দোকান-পাট।
জুয়ান পাবলো রোসাস নামের এক বাসিন্দা বলেন, "দোকানে পর্যাপ্ত জিনিস-পত্র নেই। যা আছে তার দাম খুব বেশি।"
বাঁধ ভেঙ্গে যাওয়ার পর বৃহস্পতিবার রাতেই ভিলাহারমোসা নগর কেন্দ্রের অধিকাংশ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার টাবাস্কো রাজ্যের গভর্নর আন্দ্রেস গ্রানিয়ার বলেন, "আমরা একটি দানবের সঙ্গে লড়াই করছি।"
প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন বলেছেন, ভিলাহারমোসায় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ এবং সেখানকার বন্যাকবলিত লোকদের নিরাপদে সরিয়ে আনার জন্য মেক্সিকোর পুরো বিমানবাহিনীই নিয়েজিত রয়েছে। বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও তিনি সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বন্যাকবলিত এলাকাটি সফরকালে দেওয়া এক ভাষণে কালদেরন বলেন, "আমরা একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি।"
তিনি বলেন, লুটপাট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা শিগগিরই টহল শুরু করবে।
শুক্রবার 'দ্য রেড ক্রস ইন মেক্সিকো' জানিয়েছে যে, এ বিপর্যয়ে আট লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।
এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন এই বন্যাকে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "দুর্যোগ আরও ভয়াবহ আকার ধারণ করছে।"
টেলিভিশন চিত্রে দেখা যায়, ছাদ সমান উচুঁ পানির মধ্যে উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা করছেন।
নৌবাহিনীর সদস্য এবং জরুরি উদ্ধারকর্মীরা স্থানীয়দের উদ্ধার করে বিভিন্ন হল, পার্কিং গ্যারেজ ও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন।
কিন্তু বন্যার পানি বাড়তে থাকায় রাজ্যের অনেক আশ্রয় কেন্দ্রও খালি করে মানুষজন সরিয়ে নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমমটি/১২০০ ঘ.
bdnews24