২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপে বিশ্বশক্তিগুলো একমত

ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে বিশ্বের শক্তিধর ছয়টি দেশ। তবে এজন্য তারা চলতি মাসে দুটি প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে। ওই প্রতিবেদনে ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপারে স্বচ্ছ জবাব না পাওয়া গেলে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

লন্ডন, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে বিশ্বের শক্তিধর ছয়টি দেশ। তবে এজন্য তারা চলতি মাসে দুটি প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে। ওই প্রতিবেদনে ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপারে স্বচ্ছ জবাব না পাওয়া গেলে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা চলতি মাসে প্রতিবেদন দাখিল করবেন। ওই প্রতিবেদন মূল্যায়নের জন্য ১৯ নভেম্বর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা আবার আলোচনায় বসবেন বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান। ওই মুখপাত্র বলেন, "সোলানা ও আইএইএ প্রধান আল-বারাদির প্রতিবেদনে যদি ইতিবাচক কিছু না থাকে তাহলে ইরানের ওপর নিরাপত্তা পরিষদের তৃতীয় নিষেধাজ্ঞা আরোপের জন্য নথি চুড়ান্ত করার ব্যাপারে ছয়টি দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন।" তবে দুই দফা নিষেধাজ্ঞা আরোপের পরও ইরান জানিয়ে আসছে তারা পরমাণু কর্মসূচি কোনো মতেই বন্ধ করবে না। পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে তারা দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং পরমাণু জ্বালানি উৎপাদনের জন্যই তা পরিচালিত হচ্ছে। যদিও পশ্চিমা বিশ্বের দাবি ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে ইরানের প্রধান পরমাণু আলোচকের সঙ্গে আবারও বৈঠক করে রিপোর্ট দেওয়ার জন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিরা হ্যাভিয়ার সোলানাকে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের বিষয়ে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে দেয়নি। অন্যদিকে ব্রিটেনও জানিয়েছে ইরানের ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার ব্যাপারে তারা একমত। তবে অন্য দেশগুলোর কূটনীতিকরা জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ প্রধান আল বারাদির প্রতিবেদনের জন্য তারা অপেক্ষা করতে চান। শুক্রাবারের বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস বলেছিলেন, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চীন ও রাশিয়া ঠেকিয়ে রেখেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.