রামাল্লাহ, পশ্চীম তীর, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি গেরিলা দল হামাস গত জুনে গাজা দখলের পর শুক্রবার প্রথম হামাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে হামাস গাজার দখল না ছাড়া পর্যন্ত তাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সংহতি আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
আব্বাস জানান, পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট ভবনে তিনি হামাসের আইনপ্রণেতা হুসেইন আবু কোয়েইক এবং হামাস-সমর্থিত সাবেক সরকারের মন্ত্রী নাসের আল-দীন আল-সাহের এর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। হামাস কর্মকর্তারা বলেছেন, শুক্রবারের জুম্মার নামায আদায়ের অছিলায় আব্বাসই ওই অনানুষ্ঠানিক বৈঠকে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বৈঠকে আরও দুজন হামাস সদস্য উপস্থিত থাকার কথা জানান।
বৈঠকের পর রয়টার্সকে আব্বাস বলেন, "আমি হামাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং জানিয়ে দিয়েছি যে, তারা অভ্যুত্থানের ব্যাপারে সংযত না হলে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।"
গাজায় হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে জানান, "কোনো সংলাপ নয়, আব্বাস আমাদের নামায আদায় করতেই ডেকেছেন।"
উল্লেখ্য, জুনে সহিংসতার মধ্য দিয়ে হামাস গাজা দখলের পর থেকে আব্বাস দলটির সঙ্গে কোনোরকম আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তিনি হামাস-নেতৃত্বাধীন সরকার ভেঙে দিয়ে পশ্চিম তীরে ফাতাহ-সমর্থিত সরকার গঠন করেছেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে ফিলিস্তিনে পশ্চিমা ও ইসরায়েলি নিষেধাজ্ঞা শিথিল হয়েছে এবং শান্তি সম্মেলনের পরিকল্পনা গতি পেয়েছে।
রাজনীতিবিজ্ঞান বিশ্লেষক আলি জারবাওয়ি বলেছেন, " হামাস যে আব্বাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না এ বৈঠক তারই ইঙ্গিত। তাছাড়া এ বৈঠক হামাসের মধ্যপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে তফাতও স্পষ্ট করে তুলেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ঘ.
bdnews24